পুলিশের বাসের ধাক্কায় কাকরাইল মসজিদের মকিম নিহত
পুলিশের রিকুইজিশন করা বাসের ধাক্কায় কাকরাইল মসজিদের মকিম (তাবলিগ জামাতের মুসল্লিদের তত্ত্বাবধানকারী) ওয়াজিউল্লাহ (৬০) মারা গেছেন। গতকাল সোমবার ভোরে কাকরাইল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়াজিউল্লাহর মেয়ের জামাই মো. ইব্রাহিম বলেন, প্রায় ৪০ বছর থেকে তাঁর শ্বশুর কাকরাইল মসজিদে তাবলিগে আসা মুসল্লিদের দেখভাল করতেন ও বয়ান দিতেন। দুর্ঘটনার দিন ফজরের নামাজ শেষে তিনি হাঁটতে বের হন। রমনা এলাকায় কিছুক্ষণ হাঁটাহাঁটির পর ভোর সাড়ে ছয়টার দিকে মসজিদের সামনে এলে পেছন থেকে পুলিশের রিকুইজিশন করা একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ওয়াজিউল্লাহ। পরে মসজিদের লোকজন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওয়াজিউল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। তিনি চার ছেলে, তিন মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
রমনা থানার এসআই শামস উদ্দিন বলেন, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। যে বাসের ধাক্কায় তিনি নিহত হয়েছেন, সেই বাস আটক করা হয়েছে। বাসটি পুলিশ কন্ট্রোল রুম থেকে রিকুইজিশন করা হয়েছিল।