পুলিশের বাড়িতে ডাকাতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকায় বসবাসকারী পুলিশের একজন উপপরিদর্শকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্যরাতে মুখোশধারী ডাকাত দল বাড়িতে ঢুকে স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। গতকাল রোববার এ ঘটনায় জালালাবাদ থানায় ডাকাতির মামলা হয়েছে।পুলিশ জানায়, উপপরিদর্শক মো. হারুনুর রশিদ সুনামগঞ্জ কোর্ট এলাকায় কর্মরত। তাঁর গ্রামের বাড়ি সিলেটের জালালাবাদ থানা এলাকায় স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা বসবাস করে। শনিবার রাত প্রায় আড়াইটায় ১০-১২ জনের একদল মুখোশধারী ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। মুখোশধারীরা ঘরে ঢুকে হারুনের মা, স্ত্রী, সন্তানসহ সাতজনের হাত ও মুখ বেঁধে দুটো বাথরুমে নিয়ে রাখে। মুখোশধারীরা আলমারি ভেঙে স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।এসআই হারুন জানান, মুখোশধারীরা আলমারি থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, পাঁচটি মুঠোফোনসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এসবের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে জালালাবাদ থানায় তিনি নিজে বাদী হয়ে মামলা করেছেন।জালালাবাদ থানায় কর্তব্যরত উপপরিদর্শক আমিনুল হক জানান, পুলিশ সদস্যের বাড়ি পরিদর্শন করে ডাকাতির কিছু আলামত সংগ্রহ করা হয়েছে।