পুলিশের বাড়িতে ডাকাতি গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামে এক পুলিশ সদস্যের বাড়িতে গত শনিবার রাতে ডাকাতির সময় ডাকাতদের গুলিতে ইউসুব মোল্লা (৬০) নামের একজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী একজন ডাকাতকে হাতেনাতে ধরে ফেলে। পরে তারা গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।বাড়ির গৃহকর্তা ফেরদৌসি বেগম জানান, তাঁর স্বামী ইদ্রিস মোল্লা বরিশালের বাকেরগঞ্জ থানার শর্শী পুলিশ ফাঁড়িতে চাকরি করেন। আর তিনি (ফেরদৌসি) স্কুলপড়ুয়া ছেলে রাহাত ও মেয়ে জুয়েনাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। শনিবার গভীর রাতে ২৫ থেকে ৩০ জন ডাকাত দরজা ভেঙে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকারসহ আড়াই লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উঠানে থাকা তাঁর ভাশুর ইউসুব মোল্লা ডাকাতির বিষয়টি টের পেয়ে চিৎকার দেন এবং ডাকাতদের প্রতিরোধে এগিয়ে এলে তাদের গুলিতে নিহত হন।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল থেকে একটি বন্দুক, নয়টি তাজা গুলি ও গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী কাশেম (৩০) নামের একজন ডাকাতকে ধরে গণপিটুনি দেয়। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ডাকাতের বাড়ি গৌরীপুর ইউনিয়নের রাধানগর গ্রামে।