টাঙ্গাইলের মির্জাপুরে ছিনতাইকালে হাতেনাতে ধরা দুই ছিনতাইকারীকে ছিনতাই মামলার আসামি না করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। সকালে আদালতে পাঠানোর পর বিকেলে তাঁরা জামিনে বেরিয়ে আসেন।তাঁরা হলেন উপজেলা সদরের সওদাগরপাড়ার জাহাঙ্গীর আলম ও দুপাটিয়া গ্রামের শান্ত রায়।এলাকাবাসী ও পুলিশ জানায়, গত রোববার দুপুরে মির্জাপুর রেলস্টেশনে এক রেলযাত্রীর কাছ থেকে চার ছিনতাইকারী ১৪ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় এলাকাবাসী জাহাঙ্গীর আলম ও শান্ত রায়কে ধরে ধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে আসে। এ সময় অপর দুই ছিনতাইকারী সদরের পুষ্টকামুরী সওদাগরপাড়ার আরিফ মিয়া ও ইকবাল হোসেন পালিয়ে যান।সূত্র আরও জানায়, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অপর দুই ছিনতাইকারীর কাছ থেকে টাকা উদ্ধার করে। তবে ছিনতাইকারীদের কাছ থেকে উৎকোচ নিয়ে তাদের ছিনতাই মামলায় গ্রেপ্তার না দেখিয়ে সন্দেহভাজন (৫৪) ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার সকালে আদালতে পাঠায় পুলিশ। ওই দিন বিকেলেই তাঁরা জামিনে বেরিয়ে আসেন। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার হাওলাদার বলেন, মামলার কোনো বাদী না থাকায় তাঁদের সন্দেহভাজন হিসেবে আদালতে পাঠানো হয়েছে।