পুলিশের বিরুদ্ধে অমানবিক নির্যাতনের অভিযোগ
রংপুরের বদরগঞ্জ থানার পুলিশের দুই কর্মকর্তা ও দুই সদস্যের (কনস্টেবল) বিরুদ্ধে রংপুর বিচারিক হাকিমের আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবি ও অমানবিক নির্যাতনের অভিযোগটি করেন উপজেলার মুন্সিপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শংকর কুমার সরকার (৩২)। গত রোববার আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য রংপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।শংকর কুমার সরকার তাঁর অভিযোগে উল্লেখ করেন, একটি মিথ্যা চাঁদাবাজির মামলায় থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম তাঁকে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে গ্রেপ্তার করেন। থানায় এনে তাঁর কাছে ঘুষ দাবি করেন। একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা তাঁকে শারীরিক নির্যাতন শুরু করেন। তাঁর চিৎকার ও আর্তনাদ মুঠোফোনে বড় ভাইয়ের স্ত্রী রত্না সরকারকে শোনান এবং তাঁর কাছে ৪০ হাজার টাকা দাবি করেন পুলিশের ওই কর্মকর্তা। বিনিময়ে শংকরকে ছেড়ে দেওয়ার আশ্বাস দেন। পরে রত্না সরকার পুলিশের ওই কর্মকর্তাকে ১০ হাজার টাকা দেন। টাকা কম দেওয়ায় সিরাজুল ইসলাম ক্ষিপ্ত হয়ে রত্নাকে চড় মারেন ও অশালীন ভাষায় গালিগালাজ করেন।অভিযোগে আরও উল্লেখ করা হয়, ১১ ফেব্রুয়ারি রাত একটার দিকে ওই পুলিশ কর্মকর্তা একদল পুলিশসহ শংকরের বাড়িতে হানা দেন। বাড়ির লোকজনকে ভয়ভীতি দেখিয়ে ঘরে ঢুকে তল্লাশির নামে প্রায় ৯০ হাজার টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যান। পরের দিন ১২ ফেব্রুয়ারি সকালে থানার একটি কক্ষে শংকরকে নিয়ে থানার আরেক উপপরিদর্শক রাজেন্দ্র, পুলিশ সদস্য মো. জাহান ও মনতেজার আলীর সহায়তায় তাঁকে ফের নির্যাতন করা হয়। এ সময় তাঁর মলদ্বারে মরিচ ঢুকিয়ে চাঁদাবাজি করার স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। জামিনে জেলহাজত থেকে বেরিয়ে তিনি বেশ কিছুদিন চিকিৎসা নেন।উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ‘শংকর কুমারকে একটি মামলায় গ্রেপ্তার করা হলেও ঘুষ দাবি, স্বর্ণালঙ্কার লুট ও তাঁকে নির্যাতনের অভিযোগ ভিত্তিহীন।’ অপর উপপরিদর্শক রাজেন্দ্র বলেন, ‘আমি আসামি শংকরকে মরিচ ঢোকানোর ভয় দেখিয়েছি।’ আপনি মামলার তদন্ত কর্মকর্তা না হয়েও কেন এমন করলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমার ভুল হয়েছে।’বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, ‘যেহেতু আদালতে অভিযোগ দেওয়া হয়েছে, তদন্তে সেটা বেরিয়ে আসবে।’ রংপুরের পুলিশ সুপার সালেহ্ মুহম্মদ তানভীর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আদালতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়েরের কথা শুনেছি। তবে কাগজপত্র হাতে এখনো আসেনি।’