পুলিশের বিরুদ্ধে আ.লীগ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহম্মদের পক্ষে কাজ করার অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলাম এ অভিযোগ করেছেন। দুই প্রার্থীই গতকাল তাঁদের নির্বাচনী এলাকা ইটনা উপজেলার বিভিন্ন গ্রামে প্রচার চালিয়েছেন।

রেজওয়ান আহম্মদ গতকাল ইটনা উপজেলার বাদলা ও রায়টুটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রচার চালান। বিদ্রোহী প্রার্থী মহিতুল ইসলাম একই উপজেলার মৃগা ও ধনপুর ইউনয়নে প্রচার চালান। ভোটারদের মন জয় করতে তাঁরা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তবে মহিতুল ইসলাম প্রচার চালানোর সময় পুলিশের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ করেছেন।

মহিতুল ইসলাম অভিযোগ করেন, ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কিছু পুলিশ সদস্য গভীর রাতে তাঁর সমর্থকদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছেন। এ কারণে তাঁর সমর্থকেরা মোটরসাইকেল নিয়ে বের হতে সাহস পাচ্ছেন না। তিনি আরও জানান, তিনি প্রধান নির্বাচন কমিশনার বরাবরে রোববার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রত্যাহার চেয়ে লিখিত আবেদন করেছেন। কিন্তু এখনো ওসিরা বহাল তবিয়তে আছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে হলে কমিশনকে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।

 জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নির্বাচনী এলাকার সব সরকারি কর্মকর্তা এখন নির্বাচন কমিশনের অধীনে আছেন। তাই ওসিদের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। অষ্টগ্রাম থানার ওসি মো. মিজানুজ্জামান বলেন, ওসিদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। আইন সম্পর্কে অজ্ঞতার কারণে তাঁরা এমন অভিযোগ করছেন।

রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, ওই আবেদনের অনুলিপি তিনি পেয়েছেন। বিষয়টি তিনি প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়কে জানিয়েছেন।

আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ান আহম্মদ দাবি করেন, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। পুলিশের বিরুদ্ধে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করা অভিযোগ সঠিক নয়।

 সৈয়দ মহিতুল ইসলাম বলেন, ‘নিজ এলাকায় ব্যাপক সাড়া পেয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে দলীয় কিছু নেতা থাকলেও আমার সঙ্গে ত্যাগী নেতা-কর্মীরা আছেন। সবকিছু ঠিক থাকলে প্রমাণ মিলবে ভোটের দিন।’ রেজওয়ান আহম্মদের সমর্থক ও জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান বলেন, ‘কয়েক দিন প্রচার চালিয়ে ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি। দলের বিরুদ্ধে গিয়ে জয় পাওয়া কঠিন। নির্বাচনের কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে আমরা ব্যাপক প্রচার চালাচ্ছি।’

 সাবেক স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর কিশোরগঞ্জ-৪ আসনটি শূন্য হয়। এ আসনের উপনির্বাচনে রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহম্মদ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান। আগামী ৩ জুলাই উপনির্বাচন হবে।