বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে সাধারণ মানুষকে আটক করে মামলার ভয় দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বগুড়ার পুলিশ সুপারের (এসপি) কাছে বিচার চেয়ে আবেদন করেছেন। এদিকে এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে তাঁকে ওই ফাঁড়ির পুলিশ ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি এলাকার বাসিন্দা মাহফুজুর রহমান, মাসুদ রানা ও একই এলাকার এক নারী ও তাঁর বোন ট্রেনে করে দিনাজপুর থেকে সান্তাহার স্টেশনে আসেন। তাঁরা বগুড়ার সোনাতলা যাওয়ার জন্য ট্রেন না পেয়ে স্থানীয় সোহাগ নামের একটি আবাসিক হোটেলের কক্ষ রাত যাপনের জন্য ভাড়া নেন। গভীর রাতে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই মিজানুর রহমানের নেতৃত্বে এটিএসআই রায়হান আলম ও কয়েকজন পুলিশ এসে তাঁদের চারজনকে ফাঁড়িতে নিয়ে যান। মাহফুজুর রহমান বলেন, ‘পুলিশ ফাঁড়িতে নিয়ে আমাদের অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে মামলা করবে বলে ভয় দেখায় এবং ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে। আমাদের কাছে বেশি টাকা না থাকায় নিরুপায় হয়ে আমার এক নিকটাত্মীয়র কাছ থেকে বিকাশের মাধ্যমে রায়হান আলমের মুঠোফোন নম্বরে ৩৪ হাজার টাকা দিলে সকালে আমাদের ছেড়ে দেওয়া হয়।’ এ ঘটনায় মাহফুজুর রহমান ১২ নভেম্বর বগুড়ার এসপির কাছে বিচার চেয়ে আবেদন করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তি বলেন, ১৪ নভেম্বর সকালে নওগাঁর রানীনগর উপজেলার রনি হোসেন নামের এক ব্যক্তিকে সান্তাহার শহরের চা-বাগান এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেন ওই ফাঁড়ির পুলিশ সদস্য (কনস্টেবল) নূরন্নবী। পরে রনিকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে তাঁর কাছ থেকে ১১ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেয় পুলিশ।
জানতে চাইলে এটিএসআই রায়হান আলম বলেন, ‘স্যারের সঙ্গে কথা বলে পরে এ বিষয়ে জানাব।’ কনস্টেবল নূরন্নবীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
অভিযোগ অস্বীকার করে টিএসআই মিজানুর রহমান বলেন, তিনি কারও কাছ থেকে কোনো টাকা নেননি এবং মাদক বিক্রেতাকে আটকের দিন দাপ্তরিক কাজে তিনি বগুড়ায় ছিলেন।