পুলিশের বিরুদ্ধে আসামি না ধরার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের আলমগীর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার না করার অভিযোগ পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে। মামলার বাদী নিহতের বাবা মো. নবী হোসেন পুলিশ সুপার বরাবর এ অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, মামলার অন্যতম আসামি মো. স্বপন মিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতার আত্মীয় হওয়ায় পুলিশ প্রভাবিত হয়ে আসামি ধরছে না। আসামিরা সবাই নিজেদের বাড়িতেই অবস্থান করছেন। এমনকি আসামি স্বপন মিয়া তাঁকে মামলা তুলে নিতে বলেছেন। অন্যথায় ছেলের মতোই অবস্থা হবে বলে হুমকি দিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩০ অক্টোবর বাহেরচর গ্রামের আলমগীরকে কৌশলে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন সকালে বাহেরচর উচ্চবিদ্যালয়ের পাশের খাল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর বাবা নবী হোসেন সাতজনকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় মামলা করেন। গত ১৬ ফেব্রুয়ারি তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, পুলিশ আসামি ধরতে আন্তরিক। আসামিরা কেউ এলাকায় থাকেন না, অন্যদিকে বাহেরচর গ্রামটি দুর্গম হওয়ায় সেখানে অভিযান চালানো অনেক কঠিন।