পুলিশের বিরুদ্ধে আহত শিক্ষার্থীকে আটকে অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়ায় পুলিশ প্রতিপক্ষের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মাদ্রাসার ছাত্রকে আটক করে তাঁর কাছ থেকে টাকা নিয়ে তাঁকে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। ওই শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম (১৮)। তিনি উপজেলার বেগুনহাটি ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্েষর ছাত্র। পরিবারের সদস্যরা বলেছেন, সাইফুল পাঁচ-ছয় দিন আগে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় তাঁর মা বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে কাপাসিয়া থানায় মামলা করেন। গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন সাইফুল হাসপাতাল ফটকের ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে ফিরছিলেন। এ সময় কাপাসিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সামিউল হক তাঁকে আটক করে থানায় নিয়ে যান। রাতভর হাজতে আটক রাখার পর গতকাল বুধবার সকালে তাঁকে থানা চত্বরে ওই উপপরিদর্শকের বাসায় নিয়ে যাওয়া হয় এবং সাইফুলের মুক্তির শর্ত হিসেবে তাঁর মা আনোয়ারা বেগমের কাছে ১০ হাজার টাকা দাবি করা হয়। দরিদ্র আনোয়ারা বেগম নিরুপায় হয়ে পাঁচ হাজার টাকা সামিউলের হাতে তুলে দেন। সামিউল সাদা কাগজে স্বাক্ষর রেখে সাইফুলকে তাঁর বাসা থেকে ছেড়ে দেন। এএসআই সামিউল হক জানান, সাইফুলকে রাতে রাস্তার পাশে রহস্যজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয় এবং সকালে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবারের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘কেউ টাকা নিয়ে থাকলে সেটা আমার জানা নেই।’