পুলিশের বিরুদ্ধে করা মামলার বাদীই নিখোঁজ
মিরপুরে পুলিশ হেফাজতে নিহত ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমানের স্ত্রী মমতাজ সুলতানার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। মমতাজ তাঁর স্বামীকে হত্যার অভিযোগে পুলিশের কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন।
মমতাজের পরিবার বলছে, গত ৬ জানুয়ারি মিরপুরের বাসা থেকে বের হওয়ার পর তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আর পুলিশের দাবি, মমতাজের ফোনের কললিস্ট যাচাই করে দেখা গেছে যে ঘটনার দিন মিরপুর এলাকাতেই ছিলেন না তিনি।
২০১৪ সালের ১৩ জুলাই মিরপুর থানা হেফাজতে মারা যান মাহবুবুর রহমান। এ ঘটনায় মিরপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান, উপপরিদর্শক (এসআই) জাহিদসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন মমতাজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন নিবারণ আইনে এটি ছিল প্রথম মামলা। মামলার বাদীকে আইনি সহায়তা দিচ্ছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এসআই জাহিদসহ পাঁচজনকে বিচার বিভাগীয় তদন্তে অভিযুক্ত করা হয়। ৬ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতে বাদীর সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আদালতে যাওয়ার পথে নিখোঁজ হন মমতাজ।
মমতাজের শাশুড়ি শাহিদা বেগম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ছেলের মৃত্যুর পর মিরপুর ১ নম্বর সেকশনের ই-ব্লকের ১৬ নম্বর বাসায় এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁদের সঙ্গেই থাকতেন মমতাজ। ৬ জানুয়ারি সকালে পুরান ঢাকার জজকোর্টের উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে মমতাজের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ২১ জানুয়ারি মামলার শুনানির দিন ছিল। অথচ ওই দিন আইনজীবী পরিবর্তন ও সাক্ষ্য গ্রহণের তারিখ চেয়ে মমতাজের স্বাক্ষর করা একটি আবেদন আদালতে জমা পড়ে। এ ব্যাপারে মমতাজের পরিবারের সদস্যরা কিছু জানেন না।
মাহবুবুর রহমান হত্যা মামলার আইনজীবী ফাহমিদা আক্তার প্রথম আলোকে বলেন, মাহবুবুর হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে প্রথমে একটি মামলা করে। পরে নির্যাতন ও হেফাজতে মৃত্যুর ঘটনায় আরেকটি মামলা করেন মমতাজ। মামলাটিতে বাদীর সাক্ষ্য নেওয়া চলছিল। এ সময় আসামিপক্ষ মহানগর দায়রা আদালতে আবেদন করেন যে একই ঘটনায় আরেকটি মামলা হয়েছে। তাই নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এই মামলা চলতে পারে না। এ জন্য আদালত ১৪ ফেব্রুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেন। তিনি বলেন, ৬ জানুয়ারি সকালে মামলার দিন ধার্য ছিল। ওই দিন মমতাজ সুলতানার আদালতে আসার কথা ছিল। কিন্তু তিনি আসেননি। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ হয়নি বলে তিনি জানান।
শাহিদা বেগমের দাবি, আসামি এসআই জাহিদের পরিবারের কয়েকজন সদস্য গত বছরের শেষের দিকে মামলার বিষয়ে আপসের চেষ্টা করেন। একপর্যায়ে জাহিদের মা তাঁদের ১৩ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করেন। ঘটনা জানিয়ে গত বছরের ২৫ নভেম্বর শাহ আলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এ ছাড়া আদালতে শুনানির সময় মমতাজকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। আপসের প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর পুত্রবধূকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
মমতাজ নিখোঁজ হওয়ার পর জিডি করতে গেলেও থানা থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানান তাঁর দেবর জহিরুল ইসলাম। তিনি বলেন, তাঁর ভাবি নিখোঁজের ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ২৮ জানুয়ারি শাহ আলী থানায় জিডি গ্রহণ করা হয়। কিন্তু অগ্রগতির খবর তাঁদের জানা নেই।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা শাহ আলী থানার এসআই সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, মমতাজের মুঠোফোনের কললিস্ট থেকে জানা গেছে যে মমতাজ নিখোঁজ হওয়ার এক মাসে আগে মিরপুর এলাকাতেই ছিলেন না। গত ৩ জানুয়ারি তিনি নবাবপুর এলাকায় ছিলেন। পরে ৬ জানুয়ারি সকাল পৌনে ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে রওনা হন মমতাজ। ওই দিন দুপুর পৌনে ১২টার দিকে তিনি পুরান ঢাকার জজকোর্ট এলাকায় ছিলেন। এরপর থেকে মমতাজের মুঠোফোন বন্ধ রয়েছে।