পুলিশের বিরুদ্ধে করা মামলার সাক্ষী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুর ঘটনায় আদালতে দায়ের করা মামলার পাঁচ নম্বর সাক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত শুক্রবার বিকেলে ইউসুফ আলী বিশ্বাস নামে ওই সাক্ষীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ইউসুফের বাড়ি সদর উপজেলার কাথুলিয়া গ্রামে।পুলিশের বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলার বাদী আনোয়ার আলী মন্ডল অভিযোগ করেন, ইউসুফ আলী শুক্রবার বিকেলে ভাদালিয়া বাজারে চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় একটি সাদা মাইক্রোবাসে পাঁচ-ছয়জন ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে ইউসুফকে তুলে নিতে চাইলে স্থানীয় ব্যক্তিরা বাধা দেয়। এ সময় তাঁরা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয় দিয়ে পুলিশ লাইনে নিয়ে যাওয়ার কথা বলেন। পরে ইউসুফ আলীর পরিবারের সদস্যরা ডিবি পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি অস্বীকার করে। কুষ্টিয়া ডিবির উপপরিদর্শক নওশেদ আলী প্রথম আলোকে বলেন, এ রকম কোনো তথ্য ডিবি কার্যালয়ে নেই।গত ৮ জানুয়ারি দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাট এলাকায় চাঁদাবাজ সন্দেহে গণপিটুনিতে মাহাবুল নামে এক যুবক আহত ও পরে মারা যান। পুলিশের উপস্থিতিতে গণপিটুনি ও পরে চিকিৎসা না দিয়ে থানা হেফাজতে প্রায় সাত ঘণ্টা রাখা নিয়ে পুলিশের গাফিলতি ছিল বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ ঘটনায় মাহাবুলের চাচা আনোয়ার আলী মন্ডল পাঁচ পুলিশ কর্মকর্তাসহ ১৩ জনকে আসামি করে আদালতে মামলা করেন।