পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের কালিহাতীতে গত বছরের সেপ্টেম্বরে মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতন এবং এর প্রতিবাদে জনবিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনায় জড়িত পুলিশসদস্যের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

ওই ঘটনায় পুলিশের করা দুটি তদন্ত প্রতিবেদন উপস্থাপনের পর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শককে (ডিআইজি) ৭ মার্চের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।
মা ও ছেলেকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে গত বছরের ১৮ সেপ্টেম্বর বিকেলে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ জনতা ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে চারজন নিহত হন। ওই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত চেয়ে ২১ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির পক্ষে একটি রিট আবেদন করেন আইনজীবী সালমা আলী।
রিটের প্রাথমিক শুনানি শেষে গত ৩০ সেপ্টেম্বর ওই ঘটনার সব তদন্ত প্রতিবেদন ৬০ দিনের জমা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। ওই ঘটনায় পুলিশ দুটি তদন্ত কমিটি করে। আজ সোমবার আদালতে ওই তদন্ত কমিটি দুটির প্রতিবেদন জমা দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোতাহার হোসেন। মহিলা আইনজীবী সমিতির পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ।
গত বছরের ৫ ডিসেম্বর ওই তদন্ত প্রতিবেদন দুটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়া হয়। এরপর গত ৮ জানুয়ারি এ নিয়ে প্রথম আলোতে ‘পুলিশের অপরিণামদর্শী আচরণ দায়ী’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, কালীহাতির ঘটনার জন্য সেখানকার পুলিশের অপরিণামদর্শী আচরণ দায়ী। তদন্ত কমিটি ১১ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। ওই পুলিশ কর্মকর্তারা হলেন টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার, কালীহাতি ও ঘাটাইল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কালিহাতী থানার দুজন উপপরিদর্শক (এসআই) ও তিনজন কনস্টেবল এবং ঘাটাইল থানার দুজন উপপরিদর্শক।