পুলিশের বিরুদ্ধে ঘুষ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন নদ-নদী থেকে নিষিদ্ধ ছোট ফাঁসের মশারির জাল দিয়ে গলদা রেণু আহরণ করে তা পাতিলে করে পিকআপ ভ্যানে বিভিন্ন এলাকায় পাচার করা হচ্ছে। এই সুযোগে পুলিশ রেণু ব্যবসায়ীদের কাছ থেকে পাতিলপ্রতি ৩০০ টাকা আদায় করছে বলে অভিযোগ রয়েছে।উপজেলার রেণু ও মাছ ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক রেণু ব্যবসায়ী প্রতি দিন গড়ে ৮০টি পাতিলে এক লাখ ২০ হাজার রেণু বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন। প্রতিটি পাতিলে গড়ে ১৫ হাজার রেণু রাখা হয়। এক হাজার রেণুর দাম এক হাজার ৮০০ টাকা হিসাবে প্রতি পাতিল রেণুর দাম ২৭ হাজার টাকা।নাম প্রকাশ না করার শর্তে উপজেলার একাধিক রেণু ব্যবসায়ী প্রথম আলোকে জানান, তাঁরা নির্বিঘ্নে গলদা রেণুর ব্যবসা চালাতে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে প্রশাসনকে হাত করার জন্য এককালীন মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়েছেন। আর প্রতি দিন পুলিশকে টাকা দিতে হচ্ছে পাতিলপ্রতি ৩০০ টাকা। প্রতি দিন রাত ১২টার পর গলাচিপার হরিদেবপুর ফেরিঘাট, গলাচিপা ফেরিঘাট অথবা আরও একটু সামনে-পেছনে গলাচিপা থানার ‘ক্যাশিয়ার’ নামে পরিচিত পুলিশের একজন সদস্য গলদা রেণু বহনকারী পিকআপ থামিয়ে পাতিল গুনে টাকা নেন।জানতে চাইলে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক এসব অভিযোগ অস্বীকার করে জানান, থানায় ‘ক্যাশিয়ার’ বলতে কোনো কিছু নেই। একটি মহল বাইরে এসব কথা ছড়াচ্ছে। তবে কিছু অসাধু মাছ ব্যবসায়ী গোপন বিভিন্ন পথে গলদা রেণু বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন। এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য বা অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম রেণু ব্যবসায়ীদের হয়ে প্রশাসনকে হাত করার অভিযোগ অস্বীকার করে জানান, নদ-নদী বা জলাশয় থেকে মশারি জাল দিয়ে চিংড়ির রেণু আহরণ সংরক্ষণ ও পরিবহন অবৈধ। সময়ের অভাবে গলাচিপা ও রাঙ্গাবালীর অবৈধ রেণু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো সম্ভব হচ্ছে না।