পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করা হয়েছে। গত সোমবার উপজেলা বিচারিক হাকিম আদালতে কলাপাড়ার মৎস্য ব্যবসায়ী মো. কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে কুয়াকাটা, আলীপুর, মহিপুরের বিভিন্ন মাছের আড়ত থেকে মাছ কিনে খুলনা, যশোর ও ঢাকার বিভিন্ন আড়তে পাঠান। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামানকে চাঁদা না দিয়ে ব্যবসা করা যায় না। কুয়াকাটায় মাছ বহনের জন্য কোনো ট্রাক প্রবেশ করলে ট্রাকপ্রতি ৫০০ থেকে পাঁচ হাজার টাকা তিনি আদায় করেন। গত শুক্রবার কুয়াকাটা থেকে ট্রাকে করে মাছ আনতে গেলে মনিরুজ্জামান তাঁর (বাদী) কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় এসআই মনিরুজ্জামান তাঁকে কুয়াকাটার একটি হোটেলের কক্ষে ঢুকিয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটান। পরে হোটেলের কক্ষের বাইরে তালা ঝুলিয়ে দেন। এ ব্যাপারে এসআই মো. মনিরুজ্জামান বলেন, ‘ওই হোটেলের সামনে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ভূমি ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন ও কামরুজ্জামানের মধ্যে মারামারি হয়। ইসমাইল হোসেন হামলার শিকার হয়ে আমাকে জানালে আমি প্রথমে একজন কনস্টেবল পাঠাই। পরিস্থিতি খারাপ হওয়ার খবর পেয়ে আমি নিজেও সেখানে যাই। ওরা তখন মদ্যপ অবস্থায় ছিল। ঘটনা এতটুকুই।’ ব্যবসায়ী কামরুজ্জামানের কাছে তিনি কোনো টাকা চাননি বা তাঁকে মারধর করেননি বলে দাবি করেন এসআই মনিরুজ্জামান। এ দিকে উপজেলা বিচারিক হাকিম মো. জামাল হোসেন মামলাটি আমলে নিয়ে কলাপাড়া-গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে তদন্ত করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। অপর দিকে গত সোমবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে মামলার বাদী কামরুজ্জামানের বড় ভাই মো. বারেকুজ্জামান তাঁর ছোট ভাইকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে দায়ী পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার ও তাঁর বিচার দাবি করেন।