পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, সড়ক অবরোধ
পঞ্চগড়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। ঈদ সামনে রেখে যানবাহনের কাগজপত্র দেখার নামে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ পথচারীরা ঘণ্টাব্যাপী পঞ্চগড়-ঢাকা মহাসড়কের শিংপাড়া এলাকায় অবরোধ করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী তিন-চারজন জানান, গতকাল দুপুরে সদর উপজেলার জগদল গ্রামের মোশারফ হোসেন ও সুজন নামে দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে পঞ্চগড় শহরে আসছিলেন। পথে মহাসড়কের পুলিশ লাইন এলাকায় কাগজপত্র দেখতে সার্জেন্ট জাফরের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি দল তাঁদের গতিরোধের চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটির গতি কমালে সঙ্গে সঙ্গে পেছন থেকে একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন। দ্রুত তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঁদের মধ্যে মোশারফের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় আহত ব্যক্তিদের আত্মীয়-স্বজন ও বিক্ষুব্ধ পথচারীরা ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন। তাঁদের অভিযোগ, ঈদ সামনে রেখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ট্রাফিক সার্জেন্ট জাফরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
তবে ট্রাফিক পরিদর্শক আলতাফ হোসেন ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান।