পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল রোববার রাজধানীর গুলশানে পিংক সিটি বিপণিবিতান পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, দেশবাসী যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারেন সে জন্য পুলিশ সজাগ থাকবে। ঈদে রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও মার্কেট খালি থাকে। ওই সময় নানা অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। এই আশঙ্কা থেকেই ঈদের আগের দিন, ঈদের দিন ও এর পরদিন নিরাপত্তা জোরদারে পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, রমজানের শুরু থেকে এ পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে পিংক সিটি ছাড়াও জারা ও পুলিশ প্লাজা কনকর্ড মার্কেট পরিদর্শন করেন আইজিপি শহীদুল হক। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইজিপি ও কমিশনার বিভিন্ন দোকান পরিদর্শন করে দোকানমালিক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। নিরাপত্তাব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ আছে কি না জানতে চান। দোকানমালিকেরা নিরাপত্তাব্যবস্থা ভালো বলে জানান।
আইজিপি ও ডিএমপি কমিশনার ক্রেতাদের সঙ্গেও কথা বলেন। কয়েকজন ক্রেতা যানজট কমাতে কার্যকর ব্যবস্থা নিতে বলেন। একই সঙ্গে ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের দাবি জানান।
এদিকে গতকাল সোনারগাঁও হোটেলসংলগ্ন সার্ক ফোয়ারা মোড়ে ট্রাফিক পুলিশদের সঙ্গে ইফতার করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক। পরে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, ঈদে ঘরমুখো মানুষের জন্য ঢাকা থেকে বের হওয়ার পথগুলো নির্বিঘ্ন করে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।