পুলিশের বিরুদ্ধে ট্রেন চালকদের মারধর করার অভিযোগ
চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশের বিরুদ্ধে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা ট্রেনের চালক (লোকোমাস্টার) ও সহকারী চালককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।যাঁদের মারধর করা হয়েছে তাঁরা হলেন, চালক মমতাজ উদ্দিন (৫৫) ও সহকারী চালক মুন্সি রাসেল (২৭)। এর মধ্যে রাসেল রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মমতাজ উদ্দিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা গেছে, বেলা ১১টার দিকে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চালু করতে গিয়ে চালক দেখতে পান, ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না। তখন দুই চালক ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের পাশে একটি কেবিনের সামনে অপর একটি ইঞ্জিনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ডবলমুরিং থানার পুলিশ এসে তাঁদের সেখানে দাঁড়ানোর কারণ জানতে চান। তখন তাঁরা নিজেদের পরিচয় দিলেও পুলিশ তাঁদের সঙ্গে চালকদের যেতে বলে। কিন্তু তাঁরা যেতে অস্বীকার করায় পুলিশের সদস্যরা ক্ষিপ্ত হয়ে তাঁদের মারধর শুরু করেন। পরে রেলওয়ের অন্যান্য কর্মী ও রেলপুলিশ এগিয়ে আসে। প্রসঙ্গত, এলাকাটি জিআরপি পুলিশের অধীনে। এ ঘটনার পর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন। ওসি রফিকুল ইসলাম বলেন,বিষয়টি নিয়ে রাতে (গতকাল রাতে) রেল শ্রমিক ইউনিয়ন ও পুলিশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।