পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া সেন্টারপাড়া গ্রামে পুতুল হত্যা মামলার তদন্তে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে নীলফামারী শহরে এক সংবাদ সম্মেলনে পুতুলের মা জামিলা বেগম এ অভিযোগ করেন। জামিলা বেগম অভিযোগ করেন, পুলিশ আসল অভিযুক্তদের আড়াল করে একজনের নামে অভিযোগপত্র দিয়েছে। তিনি দাবি করেন, হত্যায় আরও অনেকে জড়িত ছিল। হত্যার পর একজনের লাশ কেউ একাই আধা কিলোমিটার দূরে নিয়ে যেতে পারে না। একজনের পক্ষে একটি লাশ গাছে অর্ধ-ঝুলন্ত অবস্থায় রাখাও সম্ভব নয়।মামলার তদন্ত কর্মকর্তা ডোমার থানার উপপরিদর্শক কামাল হোসেন প্রথম আলোকে বলেন, আসামিরা সবাই পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুতুলের স্বামী দুলাল হোসেন ছাড়া অন্যদের বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ না থাকায় তাঁদের অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার মোহন্ত বলেন, সাক্ষ্যপ্রমাণের অভাবে অন্যদের বাদ দিয়ে একজনের নামে অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাদী ইচ্ছা করলে এর বিরুদ্ধে আদালতে নারাজি দিতে পারবেন।