কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ওরফে হিরু ও লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ওরফে পারভেজ গুম হওয়ার ঘটনায় র্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তে গড়িমসির অভিযোগ এনে ওই দুই নেতার পরিবারের সদস্যরা অসন্তোষ প্রকাশ করেছেন। নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা না দিয়ে ৭ জুলাই লাকসাম থানার পুলিশ আদালতের কাছে আরও সময় চায়। আদালত আগামী ৪ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ধার্য করেছেন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত ১৮ মে লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের বাবা মো. রঙ্গু মিয়া বাধ্যতামূলক অবসরে যাওয়া র্যাব-১১-এর সদ্য সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মেজর শাহেদ হাসান রাজী, র্যাবের ডিএডি শাহজাহান আলী, উপপরিদর্শক (এসআই) কাজী সুলতান আহমেদ ও অসিত কুমার রায়ের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে ৭ জুলাই তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। কিন্তু ৭ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ও লাকসাম থানার এসআই আবু বকর খান আদালতের কাছে আরও ৩০ কার্যদিবস সময় চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার ৬ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা নার্গিস ৪ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ দেন।
আবু বকর খান বলেন, মামলার পর্যাপ্তসংখ্যক সাক্ষীর কাছ থেকে জবানবন্দি না পাওয়ায় নতুন করে সময় চাওয়া হয়েছে।
সাইফুল ইসলামের সহধর্মিণী ফরিদা ইসলাম বলেন, পুলিশ মামলার তদন্তকাজে ঢিলেমি দেখাচ্ছে। তদন্ত প্রতিবেদন যথাসময়ে জমা না দেওয়া দুঃখজনক। লাকসাম পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের ছোট ভাই ও মামলার সাক্ষী গোলাম ফারুক অভিযোগ করেন, তদন্তকাজ ঠিকমতো হচ্ছে না। মো. রঙ্গু মিয়া বলেন, ‘দীর্ঘ সময় ছেলেকে খুঁজে না পেয়ে মামলা করেছি। এখন পুলিশ তদন্ত প্রতিবেদন দিতে গড়িমসি করছে।’
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাত আনুমানিক নয়টা থেকে ১১টার মধ্যে সাইফুল ইসলাম ও হুমায়ুন কবির কুমিল্লায় যাওয়ার পথে জেলার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর এলাকায় র্যাবের হাতে আটক হন। এর পর থেকে তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যদের অভিযোগ, র্যাব বিএনপির ওই দুই নেতাকে গুম করেছে।
জানতে চাইলে লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী কাজ করছে পুলিশ। সাক্ষীদের সাক্ষ্য নিতে সময় লাগছে। এ কারণে সময় বাড়িয়ে নেওয়া হয়েছে।