বগুড়ায় ১৮-দলীয় জোটের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা, সংঘর্ষ এবং যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গত শনিবার রাতে সদর থানায় মামলা হয়েছে। এতে ৫০ জনের নাম উল্লেখসহ বিএনপি-জামায়াতের প্রায় ৩৫০ জনকে আসামি করা হয়েছে।
বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলামের দায়ের করা মামলায় মিছিলে নেতৃত্ব দেওয়া বিএনপি ও জামায়াত-শিবিরের শীর্ষস্থানীয় কোনো নেতার নাম নেই। ফলে পুলিশের এই মামলাকে আওয়ামী লীগের নেতারা দায়সারা ও নিয়ম রক্ষার মামলা বলে অভিযোগ করেছেন।
গতকাল রোববার শহরের সাতমাথায় হরতালের সমর্থনে সমাবেশ করেছে ১৮-দলীয় জোট। সমাবেশে পুলিশের ওপর হামলাকারী অনেকেই উপস্থিত থাকলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
সদর থানার পুলিশ সূত্র জানায়, আসামিদের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান, বগুড়া পৌরসভার কাউন্সিলর হারুনুর রশীদ, শহর যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর মাসুদ রানা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদর থানা ছাত্রদলের নেতা সরকার মুকুলের নাম রয়েছে।
মামলার বাদী এসআই আমিরুল বলেন, শনিবার আটক জেলা মহিলা শ্রমিক দলের সভানেত্রী শিল্পী বেগম, সদর থানা শ্রমিক দলের সভাপতি এস আলমসহ ১০ নেতা-কর্মীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, শনিবার হরতালের সমর্থনে ১৮ দলের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুর করা হয়। পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষ হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হন।
এক দিন আগে পুলিশের পক্ষ থেকে সদর থানা ও সদর পুলিশ ফাঁড়িতে ককটেল হামলার কথা বলা হলেও গতকাল সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম দাবি করেন, মিছিল থেকে থানায় নয়; পুলিশের ওপর ককটেল হামলা চালানো হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমকর্মীদের তোলা আলোকচিত্র ও ভিডিওচিত্রে দেখা গেছে, ওই মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা। মিছিলের সামনের সারিতে জেলা জামায়াতের আমিরসহ জামায়াত-শিবিরের নেতারা ছিলেন। একজন উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। মিছিলে শীর্ষস্থানীয় নেতারা নেতৃত্ব দিলেও তাঁদের মামলায় আসামি করা হয়নি।
জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক দাবি করেন, শীর্ষস্থানীয় নেতারা মিছিলের নেতৃত্ব দিলেও পুলিশের সংগৃহীত ভিডিও ফুটেজে হামলা ও নাশকতার সঙ্গে যাঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে, তাঁদেরই মামলায় আসামি করা হয়েছে।