পুলিশের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বীরগঞ্জ-কাহারোলবাসী। আইনশৃঙ্খলা রক্ষা না করে পুলিশ জড়িয়ে পড়েছিল নানা অপকর্মে, যে কারণে পুলিশের বিরুদ্ধে গত মঙ্গলবার জনবিস্ফোরণ ঘটে। গতকাল বুধবার প্রথম আলোর কাছে বীরগঞ্জ উপজেলার মানুষ এভাবেই পুলিশের বিরুদ্ধে তাদের ক্ষোভের বর্ণনা করে।এদিকে ঘটনা তদন্ত করতে দিনাজপুর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তিন সদস্যের একটি দল গতকাল বীরগঞ্জে আসে।বীরগঞ্জের সমাজসেবী ও রাজনীতিক আবদুল্লাহেল কাফী প্রথম আলোকে বলেন, পুলিশ ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েছিল, এ কথা প্রমাণিত। কারণ জনতার হাতে তারা ধরা পড়েছে। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের সাংসদের সমর্থিত একটি পক্ষ থানার সব কর্মকাণ্ড পরিচালনা করত। পুলিশ প্রচণ্ড স্বেচ্ছাচারী হয়ে উঠেছিল। বীরগঞ্জের ঘটনা থেকে পুলিশকে শিক্ষা নিতে পরামর্শ দেন তিনি।দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম বীরগঞ্জের বাসিন্দা। তিনি বলেন, ‘জেলা শহরে থাকলেও প্রতি সপ্তাহে আমি বীরগঞ্জে আসি। স্থানীয় লোকজন আমার কাছে অভিযোগ করে যে পুলিশ মিথ্যা মামলায় জড়িয়ে তাদের হয়রানি করে, চাঁদাবাজি করে, ঘুষ ছাড়া মামলা নেয় না, টাকা নিয়ে ইচ্ছেমতো অভিযোগপত্র বা চূড়ান্ত প্রতিবেদন দেয়।’ হামিদুল আরও জানান, এলাকার সাংসদ মনোরঞ্জন শীল গোপালের আস্থাভাজন একটি পক্ষ থানা নিয়ন্ত্রণ করে বলেও অভিযোগ আছে। বিষয়গুলো নিয়ে জেলা ও থানার পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো লাভ হয়নি।কৃষকনেতা আবদুল হক বলেন, দুষ্টের লালন আর শিষ্টের দমনে ব্যস্ত ছিল পুলিশ। কিন্তু এখন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ডাকাতি এবং তার পরের ঘটনার জন্য বীরগঞ্জ ও কাহারোল থানার পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করার দাবি তোলেন তিনি।বীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কালীপদ রায় বলেন, এলাকায় চুরি-ডাকাতি অনেক বেড়ে গিয়েছিল। কিন্তু তা রোধে পুলিশ কোনো উদ্যোগ নেয়নি। তিনি ডাকাতির ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।কাহারোল উপজেলার শিক্ষক গোপেশ চন্দ্র রায় বলেন, ডাকাতি ও সংঘর্ষের ঘটনায় পুলিশ সাজানো মামলায় অনেক নিরীহ মানুষকে হয়রানি করতে পারে। তা করা হলে এলাকার মানুষ আবারও ফুঁসে উঠবে। তিনি এ ব্যাপারে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।বীরগঞ্জের ওসি সাংসদের লোক ছাড়া অন্য কাউকে মানুষ মনে করতেন না এবং মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন বলে জানান বীরগঞ্জের আওয়ামী লীগের সমর্থক ব্যবসায়ী মো. মনোয়ার হোসেন।কাহারোল উপজেলার ডাবর ইউনিয়নের ঘাসিয়ারা তাঁতীপাড়া গ্রামে ডাকাতির শিকার সেই বাড়ির সদস্য ও বলেয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর দেবনাথ আশঙ্কা প্রকাশ করে বলেন, পুলিশ তাঁদের ওপর প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা নিতে পারে। এ ব্যাপারে তিনি সরকারের দৃষ্টি কামনা করেন।গত সোমবার রাতে কাহারোল উপজেলার ঘাসিয়ারা তাঁতীপাড়া গ্রামে ডাকাতির ঘটনার পর জনতা বীরগঞ্জ থানার তিন কর্মকর্তাসহ পুলিশের আটজন সদস্যকে মারধর করে। পরে বীরগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি করে জনতাকে ভয় দেখিয়ে মারধরের শিকার পুলিশ সদস্যদের ছিনিয়ে নিয়ে যায়। এলাকার লোকজন গত মঙ্গলবার সকালে বীরগঞ্জ থানা ঘেরাও করে। দিনভর পুলিশের সঙ্গে জনতার ব্যাপক সংঘর্ষ হয়। ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাহারোল ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ছয় পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।সাংসদ মনোরঞ্জন শীল গোপাল বিদেশে থাকায় অভিযোগের ব্যাপারে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তাঁর সহযোগী বীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা দাবি করেন, তাঁরা সাংসদের হয়ে যেসব কাজ করেন, তা মানুষের কল্যাণের জন্যই করেন।ডিসির ব্যাখ্যা: দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. জামালউদ্দিন আহমেদ বলেন, ঘটনার দিন তিনি অবরুদ্ধ হননি। তিনি বরং বিজিবিকে ডেকে পরিস্থিতি শান্ত করার উদ্যোগ নেন।