রাজধানীর গাবতলীতে পরিবহনকর্মী মজিবর রহমানের মৃত্যুর জন্য পুলিশকেই দায়ী করছেন তাঁর বাবা ইব্রাহিম ইউনুস। তাঁর অভিযোগ, ‘পুলিশের বিরুদ্ধে মামলা নেবে না পুলিশ। তাই দিনভর বসিয়ে রেখে শুধু সোর্সদের বিরুদ্ধে মামলা নিয়েছে।’ এদিকে এ ঘটনায় পুলিশের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে মহানগর পুলিশ।গত শুক্রবার সকালে তুরাগ নদে মজিবরের লাশ পাওয়া যায়। মজিবরের বাসা তুরাগ নদসংলগ্ন গাবতলীর বাগবাড়ী বড়বাজারে। নদের ওপারে মেলারটেকে তাঁর শ্বশুরবাড়ি।দারুস সালাম থানায় মজিবরের বাবা ইব্রাহিমের করা মামলায় মুহিবুল, নয়ন ও কাজল নামের তিনজনকে আসামি করা হয়। এরা পুলিশের সোর্স বলে জানা গেছে। ইব্রাহিম বলেন, বাধ্য হয়েই তিনি শুধু সোর্সদের বিরুদ্ধে মামলা করেছেন।অনেকেই দেখেছেন: মেলারটেক সিঁড়ির ঘাট হিসেবে পরিচিত ওই ঘাটে বৃহস্পতিবারের ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় এক তরুণ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি ফুটবল খেইলা ঘাটে আইতাছিলাম। গোসল দিমু। ঘাটের কাছে আইয়া শুনি “ধর...রে-বাইন্ধা ফালা”। তখনই কে যেন ঘাট থিকা পইড়া গেল, পানিতে ঝপ কইরা শব্দ হইল। দেখলাম, কয়েকজনের ঘাড়ে বন্দুক। বুঝলাম, সিবিল পুলিশ।’আরেক যুবক বলেন, ‘মজিবর পোলারে নিয়া ঘাটে আইতাছিল। ঘাটে আইসাই ওরে ধইরা ফালায় সিবিল পুলিশ। পুলিশের লগে মজিবরের ধস্তাধস্তি হইছে। মজিবররে হ্যান্ডকাপ পরাইছে। এই সময়ই মজিবর নিচে পইড়া যায়। হেরপর বাঁশ নিয়া উপর থিকা খোঁচাখুঁচি করছে পুলিশে। পরে খুঁজতে খুঁজতে পাশের ঘাটলার দিকে গ্যাছেগা।’স্থানীয় ঘাটের কয়েকজন মাঝি জানান, বাগবাড়ী বড়বাজারে গাড়ি রেখে পুলিশ নৌকায় করে এ পারে এসেছিল। তবে কার নৌকায় ওরা এ পারে এসেছিল, তা বলতে পারেননি মাঝিরা।দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, নিহত মজিবরের বাবা যে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন, তাদের মধ্যে দুজনকে শুক্রবারই গ্রেপ্তার করা হয়েছে। বাকি একজনকে খোঁজা হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের সাধারণ ডিউটিতে রাখা হয়েছে। এদিকে গতকাল আসরের নামাজের পর গাবতলী কবরস্থানে মজিবরের লাশ দাফন করা হয়েছে।