পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ
চট্টগ্রামে পোশাক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। নগরের বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুদ্দিনের বিরুদ্ধে এ মামলা হয়। এতে আরও তিনজনকে তাঁর সহযোগী উল্লেখ করে আসামি করা হয়েছে। তাঁরা হলেন মো. নিজাম, মো. আবুল কালাম ও মো. আলমগীর। তিনজনই বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকার বাসিন্দা।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। অপহৃতের মা রিজিয়া বেগম বাদী হয়ে ১৮ জুলাই আদালতে মামলা করেন। গতকাল বাদীর বক্তব্য নেওয়ার পর আদালত এই আদেশ দেন।
বাদীর আইনজীবী ইমরানুল করিম প্রথম আলোকে বলেন, ১৪ জুলাই আসামিরা জাহাঙ্গীর আলম নামের এক পোশাক ব্যবসায়ীকে অপহরণ করেন। এরপর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।
জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার চৌধুরী বলেন, মামলা কিংবা সাধারণ ডায়েরি (জিডি) করতে কেউ থানায় আসেননি। আদালতের আদেশ হাতে পাওয়ার পর বিষয়টির তদন্ত শুরু করা হবে।