পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গত বৃহস্পতিবার গভীর রাতে রাঙ্গুনিয়া থানার পুলিশের বিরুদ্ধে মো. নাসের নামের এক ব্যবসায়ীকে শারীরিক নির্যাতন ও বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা সড়ক অবরোধসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। পরে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় ব্যবসায়ীরা ও নির্যাতনের শিকার ব্যবসায়ী মো. নাসের জানান, বৃহস্পতিবার রাত একটার সময় উপজেলার বোয়ালখালী বাজারের পাশে তাঁর বাসার কয়েকটি দরজা ভেঙে পুলিশের পোশাক পরা কয়েকজন লোক ঢুকে বাসার জিনিসপত্র তছনছ করে তাঁকে তুলে নেওয়ার চেষ্টা করে। তাদের কাছে নিজের পরিচয় দিয়ে আটকের কারণ জানতে চাইলে তাঁর ওপর শারীরিক নির্যাতন করা হয়। এ সময় বাসার বাইরে দাঁড়িয়ে থাকা দীঘিনালা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম ঘটনার প্রতিবাদ করলে তাঁকেও ধমক দেওয়া হয়। পরে থানার ওসি ফোন করে তাদের থানায় আসতে বললে নাসেরকে ছেড়ে দিয়ে তারা গাড়ি নিয়ে চলে যায়।ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা গতকাল শুক্রবার ভোর ছয়টা থেকে দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক অবরোধসহ প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির দাবিও করা হয়। উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি ফজল আহাম্মদ, আশীষ বরণ বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা অবিলম্বে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এবং ঘটনার জন্য ক্ষমা চাইলে অবরোধ তুলে নেওয়া হয়।দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার রাতে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে কয়েকজন পুলিশ অস্ত্রসহ কয়েকটি মামলার পলাতক আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। কিন্তু জহিরুলের অবস্থান নিশ্চিত না হয়ে ভুল তথ্যের ভিত্তিতে ব্যবসায়ী নাসেরকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।রাঙ্গুনিয়া থানার ওসি এম এম মোরশেদ বলেন, ‘ভুল-বোঝাবুঝির কারণে ব্যবসায়ীর সঙ্গে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। আমি বিষয়টি নিয়ে কথা বলেছি এবং কর্তৃপক্ষ বিষয়টি দেখছে।’