পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুরে হরতালের সময় গুলিতে মারুফ সর্দার (২০) নামে ছাত্রদলের এক নেতা নিহত হওয়ার ঘটনায় পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার মহম্মদপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতা-কর্মীরা এই অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে মহমঞ্চদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ওই ঘটনায় কেউ মামলা করতে আসেনি। পুলিশ কাউকে হয়রানিও করছে না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান খান অভিযোগ করেন, গত ২৯ অক্টোবর সকালে হরতালের সমর্থনে মিছিল করার সময় মহমঞ্চদপুর উপজেলার ধোয়াইল বাজার এলাকায় পুলিশ মারুফ সর্দারকে ধরে গুলি করে হত্যা করে। তিনি ছাত্রদলের রাজাপুর ইউনিয়ন কমিটির সদস্য। এই ঘটনার প্রতিবাদে পরদিন মহমঞ্চদপুরে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হয়। কিন্তু পুলিশ ওই হত্যাকাণ্ডের ব্যাপারে থানায় কোনো মামলা নিচ্ছে না। উল্টো মারুফের পরিবারকে হুমকি দিচ্ছে। এ ছাড়া ওই ঘটনায় বিএনপির ৬০০ শতাধিক নেতা-কর্মীর নামে পুলিশ ‘মিথ্যা’ মামলা দায়ের করেছে।
তিনি আরও অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গত সোমবার সন্ধ্যায় সংসদে বিবৃতি দেন মহম্মদপুরে পুলিশের গুলিতে নিহত মারুফ একজন পথচারী। মন্ত্রী এই অসত্য তথ্য দেওয়ায় বিএনপির পক্ষ থেকে নিন্দা জানানো হচ্ছে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে মারুফকে গুলি করে হত্যার ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি আলিমুজ্জামান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।