বান্দরবানের আলীকদমে ধর্ষণে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী গর্ভবতী হয়েছে। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পাঁচ দিন পর গতকাল শুক্রবারও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা ও বিদ্যালয়ের শিক্ষকেরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নানা অজুহাতে মামলা নিচ্ছেন না।
তবে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হোসাইন গতকাল শুক্রবার পর্যন্ত মামলা না নেওয়ার কথা স্বীকার করে বলেন, যার
বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তদন্তে সত্যতা পাওয়া গেলে মামলা হবে।
সহকারী পুলিশ সুপার (এএসপি লামা-আলীকদম-নাইক্ষ্যংছড়ি সার্কেল) আবদুর রশিদ বলেছেন, বিষয়টি অত্যন্ত অমানবিক। ওসিকে দ্রুত মামলা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, আলীকদমের নয়াপাড়ায় তাঁরা শামসুল আলমের সঙ্গে এক বাসায় থাকতেন। পিতৃহীন ছাত্রীর মা (শামসুল আলমের ফুফু) দিনমজুরির জন্য প্রায় সময় বাইরে থাকতেন। সেই সুযোগে দুই সন্তানের বাবা শামসুল আলম ছাত্রীটিকে একাধিকবার ধর্ষণ করেছেন। বিষয়টি জানার পর ২১ এপ্রিল থানায় এজাহার দেওয়া হলেও পুলিশ এখনো মামলা নেয়নি।
ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, ছাত্রী একান্তে তাঁকে বলেছে, ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা চলার সময় থেকে শামসুল আলম তার ওপর অত্যাচার করতেন। লজ্জায় ও শামসুলের ভয়ে সে কাউকে বলতে পারেনি। চার মাস ধরে সে এখন অসুস্থ।
শামসুল আলম পলাতক রয়েছেন এবং তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। তাঁর (শামসুল) মামা ও আলীকদম ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধ থাকায় শামসুল আলমকে ফাঁসানো হচ্ছে। তাঁর দাবি, অন্য একজনের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল।
আলীকদম ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেছেন, অমানবিক এ ঘটনাটি সবাই জানে। এতে শামসুলকে ফাঁসানোর কিছু নেই।