পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ
পার্বতীপুরে কিশোরীকে ধর্ষণ ও হত্যার পর ১০ দিন পার হলেও পুলিশ মামলা নেয়নি। বরং নানা অজুহাতে পুলিশ মামলা দায়েরে নিরুৎসাহিত করছে বলে অভিযোগ করেছেন নিহত কিশোরীর মা-বাবা।এদিকে ঘটনা তদন্তে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার একটি দল গত মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পার্বতীপুর রেল পুলিশ, নিহত কিশোরীর মা-বাবা ও গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ মে সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর দরগাপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে আকলিমাকে (১৬) তেল-মরিচ কেনার জন্য তার মা মনোয়ারা বেগম (৫০) দোকানে পাঠান। এরপর সে ফিরে আসানি। পরদিন সকালে তাঁরা জানতে পারেন, তাঁদের বাড়ি থেকে তিন মাইল দূরে পার্বতীপুর-ভবানীপুর রেলস্টেশনের মধ্যবর্তী পিরোজপুরের গুমটির কাছে রেললাইনের ওপর আকলিমার হাত পা বাঁধা ট্রেনে কাটা দ্বিখণ্ডিত লাশ পড়ে রয়েছে।আকলিমার মা-বাবা বলেন, ‘লাশ উদ্ধারের পর দুই দিন থানায় গিয়েছি। পুলিশের কাছে ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের নাম এবং ঘটনার বর্ণনা দিয়েছি। কিন্তু পুলিশ ময়নাতদন্তের প্রতিবেদন না আসার অজুহাতে মামলা নিতে রাজি হননি।’ পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মামলা করার ব্যাপারে তিনি কোনো অনীহা দেখাননি।তদন্ত কর্মকর্তা সোলায়মান আলী জানান, সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের প্রতিবেদনে ধর্ষণ ও খুনের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।