পুলিশের বিরুদ্ধে মামলা নেওয়ার আদেশ স্থগিত
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের বিরুদ্ধে মামলা নিতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত আদেশে বলেন, ২৫ জানুয়ারি আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এম মাহবুব উদ্দিন।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন করাকে ‘দুঃখজনক’ উল্লেখ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী ও একজন সাংবাদিকের করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ১৮ জানুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ গোলাম রাব্বীর অভিযোগ মামলা হিসেবে নিতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। আদালত আদেশে বলেন, ১১ জানুয়ারি গোলাম রাব্বী পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনারের কাছে এসআই মাসুদের বিরুদ্ধে যে লিখিত অভিযোগ করেছিলেন, সেটি এজাহার হিসেবে গ্রহণ করতে হবে।
গতকাল চেম্বার আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে রিট আবেদনটি করা হয়েছে। যাতে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যায়, কয়েকটি রাজনৈতিক দল যেন বিশৃঙ্খলা করতে পারে, আর পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনের বিষয়ে যুক্তি দেখিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রিট আবেদনে বলা হয়েছে গোলাম রাব্বীর লিখিত অভিযোগ আমলে নেওয়া হয়নি। কিন্তু ওই লিখিত অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে তদন্ত হয়েছে। ওই তদন্তে পুলিশ সদস্য দোষী প্রমাণিত হয়েছেন, তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অথচ এসব তথ্য উল্লেখ না করে ১৮ জানুয়ারি রিট করা হয়েছে। তিনি বলেন, রিটটি রাব্বী নিজে করেননি, অন্য লোকেরা করেছেন। একমাত্র ভুক্তভোগী মারা না গেলে তাঁরই রিট আবেদন করার কথা। এখানে আবেদনকারীর লোকাস স্টান্ডি (আবেদনের অধিকার) নেই। আর পুলিশ যদি মামলা নিতে না চায়, তাহলে আবেদনকারী নিম্ন আদালতে যেতে পারেন।
জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন করা দুঃখজনক। রিট আবেদনটি পুলিশ বাহিনীর বিরুদ্ধে হয়নি, পুলিশের একজন সদস্যের বিরুদ্ধে হয়েছে, যাঁর বিরুদ্ধে প্রাথমিকভাবে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই রাষ্ট্র যখন তাঁর পক্ষে গিয়ে দাঁড়ায়, তখন সেটাকে ঠিক আইনের শাসন বলা যায় না।
মিজানুর রহমান বলেন, অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা বা তাঁকে সাময়িক বরখাস্ত করা এক বিষয়, আর তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা আরেক বিষয়। রাষ্ট্রের একজন নাগরিককে নির্যাতন করে তিনি স্পষ্টতই ফৌজদারি অপরাধ করেছেন এবং এ জন্য তাঁর বিরুদ্ধে দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধির নির্দিষ্ট ধারায় আলাদা মামলা হওয়া উচিত।
এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, পুলিশের একজন সদস্যের বিরুদ্ধে মামলা করার জন্য যদি আপিল বিভাগ পর্যন্ত যেতে হয়, তাহলে তো পুলিশ সম্পূর্ণ জবাবদিহির ঊর্ধ্বে উঠে যাবে। এর পরিণতি হবে ভয়াবহ।
৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে আটক করে পুলিশ। পরে তাঁকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ শিকদার অর্থ আদায়ের চেষ্টা করেন। ওই সময় রাব্বীকে নির্যাতন করা হয়। বেশ কয়েক দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রাব্বী গতকাল ছাড়া পান।
‘রাব্বীর ওপর নির্যাতন আংশিক প্রমাণিত’: প্রথম আলোর কুষ্টিয়া অফিস জানায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল দুপুরে কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা রাব্বীর ওপর অন্যায়ভাবে যে পুলিশি নির্যাতন হয়েছে, সেটা ইতিমধ্যে আংশিক প্রমাণিত হয়েছে। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
হানিফ বলেন, ‘আমরা চাই এই সরকারের অধীনে জনগণ নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। একজন বা দুজন পুলিশের অপকর্মের দায় পুরো পুলিশ বাহিনীর ওপর বর্তাতে পারে না।’