পুলিশের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে বাদীকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে থাকা শেরেবাংলা নগর থানার পাঁচ পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করে নিতে তাঁদের স্বজনেরা মামলার বাদীকে ভয় ভীতি দেখাচ্ছেন। এ ঘটনায় বাদী গতকাল বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।    

শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, গত বুধবার সকালে ধানমন্ডি ১৫ নম্বর সড়ক থেকে রিকশাচালক উজ্জ্বল, মাসুদ ও আক্কাসকে পিকআপে তুলে ১২ ঘণ্টা আটকে রেখে পিটিয়ে তাঁদের স্বজনদের কাছ থেকে ২৩ হাজার টাকা আদায় করে শেরেবাংলা নগর থানার পাঁচ পুলিশ। এ ঘটনায় রিকশাচালক উজ্জ্বল বাদী হয়ে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান, এএসআই জাহিদুর রহমান ও তিন কনস্টেবল একরাম হোসেন, মো. আবদুল্লাহ ও জহিরুল ইসলামকে আসামি করে থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন।

মামলার বাদী উজ্জ্বল ঠিকাদার আজ শুক্রবার রাতে প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তার হওয়া পুলিশের স্বজনেরা গতকাল তাঁকে এসে হুমকি দিয়ে বলেন,  ‘মামলা তুলে না নিলে বাঁচতে পারবি না।’ এরপর তাঁকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে পুরান ঢাকার আদালতে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে একটি কাগজের নিচে তাঁর স্বাক্ষর নেন এবং এর একটি ফটোকপি তাঁকে দেন। এরপর তিনি বাসায় ফিরে দেখেন কাগজটিতে মামলা প্রত্যাহারের কথা লিখে এর নিচে তাঁর স্বাক্ষর নেওয়া হয়েছে। পরে তিনি শেরেবাংলা নগর থানায় এ তথ্য উল্লেখ করে পাঁচ পুলিশের বিরুদ্ধে জিডি করেছেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বাদী উজ্জ্বলের জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উজ্জ্বলের সার্বিক নিরাপত্তা দিতে মামলার তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।