মাগুরায় ভারতীয় পোশাক ও কাপড় কাটার মেশিনসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। মাগুরা সদর থানা সূত্রে জানা যায়, গত রোববার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সদর হাসপাতালের কাছে পরিত্যক্ত অবস্থায় এসব মালামালসহ ট্রাকটি উদ্ধার করা হয়। এগুলোর মূল্য প্রায় দেড় কোটি টাকা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, মাগুরা সদর হাসপাতালের কাছে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে পুলিশ গত রোববার একটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসে। পরদিন রাত সাড়ে ১১টার দিকে ট্রাকের মালামাল খোলা হয়। এ সময় তিনটি কাঠের বাক্সে তিনটি কাপড় তৈরির আধুনিক কাটার মেশিন ও তিনটি বাক্সে ২ হাজার ৯০০টি থ্রি-পিস পাওয়া যায়। এগুলোর মূল্য এক থেকে দেড় কোটি টাকার মতো। তিনি আরও জানান, আটক ট্রাক থেকে প্রাপ্ত নথি অনুযায়ী মালপত্রের প্রাপক বেনাপোলের সোহাগ ট্রেডার্স ও সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট বেনাপোলের সোনারগাঁ এজেন্সি।
তবে অভিযোগ উঠেছে, ১৮ জুন গভীর রাতে শহরের ভায়না মোড় এলাকা থেকে ট্রাকসহ চালক, চালকের সহকারী ও অপর এক ব্যক্তিকে আটক করা হয়। পরে সেটি পুলিশ লাইনে নিয়ে রাখা হয়। ট্রাকটিতে ভারত থেকে আমদানি করা পণ্য বহন করা হচ্ছিল। তবে ঋণপত্রের (এলসি) বাইরেও মালপত্র ছিল। পাচারের অভিযোগ এনে পুলিশ তাঁদের কাছে টাকা দাবি করে। টাকার পরিমাণ নিয়ে দুই পক্ষের মধ্যে দর-কষাকষি হয়। একপর্যায়ে আটক তিন ব্যক্তি পালিয়ে যান। অবৈধ মালপত্র সরিয়ে নেওয়ার এক দিন পর পুলিশ ট্রাকটি আটক দেখায়।
জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা প্রথম আলোকে বলেন, ‘ভারতীয় থ্রি-পিস ও কাটার মেশিন আটকের ব্যাপারে কোনো অনিয়ম হয়নি। এসব মালপত্রের দাম এক থেকে দেড় কোটি টাকা হতে পারে।’ কোটি টাকার মালপত্র সড়কের পাশে ট্রাকসহ ফেলে রাখার বিষয়টি বিশ্বাসযোগ্য কি না জিজ্ঞাসা করা হলে ওসি বলেন, ‘ট্রাকটি কেউ ফেলে রেখেছিল। আমরা কাউকে পাইনি। এটাই বাস্তব। পড়ে থাকতে দেখে এক দিন পর ট্রাকটি থানায় আনা হয়।’