পুলিশের বিরুদ্ধে সহায়তা না করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সহায়তা না পাওয়ায় বুড়িগঙ্গার তীরে গতকাল রোববার কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যায়নি বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মো. ফকরুজ্জামান। ডিএমপি লালবাগ জোনের উপপুলিশ কমিশনার এম খুরশিদ হোসেনের বরাবর এক চিঠিতে তিনি এ অভিযোগ করেছেন।ফকরুজ্জামান জানান, গতকাল রাজধানীর কেল্লার মোড় শ্মশানঘাট এলাকায় বুড়িগঙ্গার তীরে একটি লবণের কারখানার অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে তিনি পুলিশের সহায়তা পাননি। তিনি বলেন, পুলিশের সাহায্য না পাওয়ায় ওই কারখানা ও এর আশপাশের ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা যায়নি।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, লবণের কারখানাটির অবৈধ স্থাপনা উচ্ছেদ করার ব্যাপারে এ বছরের ৩০ মে হাইকোর্ট নির্দেশ দেন। এর মধ্যে ৩ আগস্ট কারখানার মালিক মনসুর আলম হাইকোর্টে রিট পিটিশন করেন। কিন্তু এ ব্যাপারে হাইকোর্ট কোনো রুল জারি করেননি। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় বেড়িবাঁধ-সংলগ্ন ২০টি ছোট-বড় টং ও ছাপরাঘর উচ্ছেদ করা হয়েছে বলে জানান ফকরুজ্জামান।