পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মামলা
ইংরেজি দৈনিক নিউ এজ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক নাজমুল হুদা রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ওসি তদন্ত ও উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসানের বিরুদ্ধে মামলা করেছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর হাকিমের ১৮ নম্বর আদালতে নাজমুল হুদা উপস্থিত হয়ে এ মামলা করেন।
নাজমুল হুদা ও তাঁর বন্ধু খায়রুজ্জামানকে এসআই মেহেদী হাসান নির্যাতন করেছেন বলে অভিযোগ ওঠে।
মামলার আরজিতে বলা হয়, গত রোববার বিকেলে নাজমুল তাঁর বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে ফকিরেরপুল যাচ্ছিলেন। এ সময় বিজয়নগর মোড়ে একাধিক যাত্রী বহনের অপরাধে পুলিশ তাঁদের গাড়ি জব্দ করে। একই সময় দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে করে সেদিকে গেলে নাজমুল তাঁর মুঠোফোনে সেই দৃশ্য ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রাইফেলের বাঁট ও লাঠি দিয়ে তাঁদের তিন দফা মারধর করে পুলিশ। এতে নাজমুলের মাথা ফেটে যায়। তাঁদের সারা গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মামলায় মারধর করা, চাঁদা দাবি এবং পকেটে থাকা মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার কথা অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।
১৮ নম্বর কোর্টের বিচারক আনোয়ার ছাদাত মামলার বাদী এবং আইনজীবীদের বক্তব্য শুনে আগামী ১০ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দেন। আদেশে গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনারকে ন্যূনতম সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে এ তদন্ত করানোর নির্দেশ দেওয়া হয়।
জানতে চাইলে টেলিফোনে রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, ‘আমি শুনেছি মামলা হয়েছে। তবে এর বেশি কিছু জানি না।’