পুলিশের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের বাসিন্দা পুলিশের কনস্টেবল শরিফুল ইসলাম তাঁর স্ত্রী সুলতানা খানমকে শ্বাসরোধে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।লোহাগড়া থানার পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল থেকে সুলতানা খানমের (২২) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শরিফুল সাতক্ষীর পুলিশ লাইনে কর্মরত আছেন। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নলদী ইউপির কালাচাঁদপুর গ্রামের বাবু রহমানের ছেলে শরিফুল ইসলামের (২৯) সঙ্গে তিন বছর আগে কালিয়া উপজেলার চাচড়ি গ্রামের নজরুল মোল্লার মেয়ে সুলতানা খানমের বিয়ে হয়। সুলতানার ভাই মাহফুজ মোল্লা অভিযোগ করেন, বিয়ের পর শরিফুলকে নগদ ও মোটরসাইকেলসহ প্রায় পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে। এর পরও শরিফুল ছুটিতে বাড়ি এসে শুক্রবার আবার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য চাপ দেন। সুলতানা টাকা দিতে রাজি না হওয়ায় রাতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাঁকে ভাত খেতে দেয়। গভীর রাতে সুলতানা অসুস্থ হয়ে পড়লে শরিফুল গলায় কাপড় পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেন। স্বামী শরিফুল ইসলাম স্ত্রীর কাছে যৌতুক চাওয়ার এবং তাঁকে হত্যা করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাঁর স্ত্রী আগে থেকেই অসুস্থ ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। গত শুক্রবার রাতে ডায়রিয়ায় তিনি মারা গেছেন।