দিনাজপুরের হাকিমপুর উপজেলায় পেট্রলবোমা হামলায় দুজন নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় পুলিশের হয়রানি ও বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে।
মামলার বাদী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান হাকিম প্রথম আলোকে বলেন, মামলায় আসামি হিসেবে যাঁদের নাম দেওয়া হয়েছে, তাঁদের অনেকেই ঘটনার সঙ্গে জড়িত নন। বেশির ভাগ আসামির নাম দিয়েছে তাঁর দল ও পুলিশ। এ মামলায় পুলিশ বাণিজ্য করছে বলেও তিনি অভিযোগ করেন।
এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি রাতে অবরোধ চলাকালে হিলি থেকে একটি পেঁয়াজবোঝাই ট্রাক গাইবান্ধার সাদুল্লাহপুর যাওয়ার পথে উপজেলার নিখিরা নামক স্থানে দুর্বৃত্তরা পেট্রলবোমা হামলা চালায় । এতে ট্রাকের মালিকের ছেলে শাহনেওয়াজ এবং পেঁয়াজের মালিকের প্রতিনিধি আজিনুর আকন্দ নিহত হন। ট্রাকের চালকসহ দুই সহকারী আহত হন।
ঘটনার পরের দিন ট্রাকমালিকের জামাতা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান হাকিম বাদী হয়ে উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলামসহ জামায়াতের নয়জন ও বিএনপির আটজনসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে হাকিমপুর থানায় মামলা করেন। এজাহারে রায়হান উল্লেখ করেন, বিএনপি-জামায়াতের ১৭ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।
রায়হান হাকিম আরও বলেন, মামলার এজাহারে বেশির ভাগ নাম দিয়েছে পুলিশ ও দল। ওই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার এখন পর্যন্ত একটি টাকাও ক্ষতিপূরণ না পেলেও মামলাটি নিয়ে তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণিজ্য করেছেন বলে তিনি অভিযোগ করেন।
উপজেলা জামায়াতের আমির মো. তাজুল ইসলাম বলেন, এটি একটি সাজানো মামলা। ঘটনার পর সে সময় বিজিবি ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক মো. লুৎফুল করিম তদন্ত করে পেট্রলবোমা হামলার কোনো প্রমাণ পাননি। দুর্ঘটনার কারণেই এমনটি ঘটেছে বলে তিনি মুঠোফোনের খুদে বার্তায় স্থানীয় সাংবাদিকসহ জনপ্রতিনিধিদের বিষয়টি জানিয়েছিলেন। আর মামলার চূড়ান্ত প্রতিবেদনের জন্য মামলার তদন্তকারী কার্মকর্তা ১০ লাখ টাকা দাবি করেছিলেন। তবে এতে তাঁরা রাজি হননি।
উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আকরাম হোসেন মণ্ডল বলেন, এটি একটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা। ঘটনার সময় তাঁর ছেলে হিলি পৌর মেয়র সাখোয়াত হোসেনের সঙ্গে মামলার অন্য আসামি বিএনপি নেতা আসলাম হোসেন ঢাকায় ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাসান বশির অভিযোগ অস্বীকার করে বলেন, মামলায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ আটজন আসামি আদালত থেকে জামিন নিতে গেলে বিচারক তাঁদের কারাগারে পাঠান।
ঘটনার সময়ে হাকিমপুর থানার ওসির দায়িত্বে ছিলেন আহসান হাবিব। তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, মামলার পর সব দায়িত্ব তদন্তকারী কর্মকর্তার। সেখানে ওসির কোনো ভূমিকা নেই। তাই তাঁর বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।