আসন্ন উপজেলা নির্বাচন সামনে রেখে বিশেষ অভিযানের নামে মাগুরায় পুলিশের বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার পলাতক বা সাজাপ্রাপ্ত আসামি। অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
থানার পুলিশ জানায়, বিশেষ অভিযানে গত রোববার রাতে মাগুরা জেলায় মোট ৩২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর দুই দিন আগে গ্রেপ্তার করা হয় আরও ৬৭ জনকে।
অভিযোগ পাওয়া গেছে, অভিযানের নামে পুলিশ যাঁদের গ্রেপ্তার করছে, তাঁদের অধিকাংশই বিএনপির নেতা-কর্মী। অনেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও হরতাল-অবরোধের সময় নাশকতা সৃষ্টিসহ নানা অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।
জেলা বিএনপির সহসভাপতি মনোয়ার হোসেন খান জানান, রোববার দিবাগত রাত দুইটার দিকে পুলিশ তাঁর আবালপুরের গ্রামের বাড়িতে হানা দেয়। তাঁর ছোট ভাই মাগুরা পৌরসভার কাউন্সিলর মাসুদ হাসান খানকে না পেয়ে পুলিশ বাড়ির দরজা-জানালা ভাঙচুর করেছে।
মনোয়ার হোসেন খান বলেন, তাঁর ছোট ভাইয়ের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে কয়েকটি মিথ্যা মামলা দেওয়া হয়। ওই মামলাগুলোতে তিনি জামিনে রয়েছেন। তার পরও পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বাড়িতে হানা দেয়। তিনি জানান, পুলিশ ওই রাতে মাগুরা পৌর যুবদলের সভাপতি ফরহাদ মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্য অনেক নেতা-কর্মীর বাড়িতেও হানা দেয়।
গতকাল সকালে বিএনপির নেতা মনোয়ার হোসেন খানের বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা চোখে পড়ে। এ সময় তাঁর বৃদ্ধ মা মনোয়ারা বেগম বলেন, রাত দেড়টা থেকে দুইটার দিকে পুলিশ এসে ডাক-চিৎকার শুরু করে। তাঁরা ভয়ে দরজা না খুললে পুলিশ ঘরের দরজা-জানালায় জোরে আঘাত করতে থাকে। কয়েকটি গ্রিল ভেঙে ফেলে। মাসুদ হাসান খানের স্ত্রী রওশনারা বলেন, দেড় থেকে দুই ঘণ্টা ধরে পুলিশ তাঁদের বাড়িতে তাণ্ডব চালায়।
এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম প্রথম আলোকে বলেন, ‘ওই অভিযানে সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছিলেন। আমি অভিযান সম্পর্কে কিছুই জানি না।’
হয়রানির অভিযোগ অস্বীকার করে সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় বলেন, ‘আমি নিজেই ওই অভিযানে ছিলাম। জানালা বা গ্রিল ভাঙচুর করা হয়নি। তবে ডাকাডাকি এবং জানালা-দরজা ও গ্রিলে আঘাত করা হয়েছে এ কথা ঠিক।’ তিনি আরও বলেন, ‘দেড় ঘণ্টার মতো মনোয়ার হোসেন খানের বাড়িতে ছিলাম। তাঁর ছোট ভাইকে আমরা খুঁজছি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তবে কেউ দরজা না খোলায় ফিরে এসেছি।’
এদিন শহরের পারলাসহ জেলার আরও কয়েকটি জায়গায় পুলিশের অভিযান চালানোর কথা স্বীকার করেন সহকারী পুলিশ সুপার। এসব অভিযানে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহে আটক ১৮: ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক জানান, জেলার হরিনাকুণ্ডু উপজেলার বিভিন্ন গ্রামে রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এঁদের মধ্যে উপজেলা ছাত্রদলের সহসভাপতি সফি উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা ফিরোজ হোসেনও রয়েছেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, আটক হওয়া ১৮ জনের বিরুদ্ধে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে।