আগামী বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের স্নানোৎসবে পুণ্যার্থীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। গত বছরের ২৭ মার্চ ওই ¯উৎসবে পদদলিত হয়ে ১০ জন পুণ্যার্থীর প্রাণহানি ঘটে।
লাঙ্গলবন্দে¯ স্নানোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ নিয়ে গতকাল রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে সভার আয়োজন করা হয়। সেখানে উৎসব উদ্যাপন কমিটির নেতারাও উপস্থিত ছিলেন।
সভায় এসপি খন্দকার মহিদ উদ্দিন বলেন, লাঙ্গলবন্দের নিরাপত্তায় পুলিশ, র্যা ব, আনসার ও ডিবির প্রায় সাড়ে আট শ সদস্য মোতায়েন থাকবে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। দুই কিলোমিটার এলাকাজুড়ে বসানো হবে সিসি ক্যামেরা। নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য থাকবে ওয়াচ টাওয়ার। মুসাপুর ইউনিয়ন পরিষদ ভবনে পুলিশের কন্ট্রোল রুম খোলা হবে। সেখান থেকে সবকিছু মনিটরিং করা হবে। যানজট এড়াতে ট্রাফিক পুলিশ থাকবে। পুণ্যার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থাসহ দুর্ঘটনা এড়াতে ও উদ্ধারে ফায়ার সার্ভিসের বিপুলসংখ্যক কর্মী নিয়োজিত থাকবেন।
এসপি মহিদ উদ্দিন আরও জানান, স্নানের ঘাটগুলোতে পুণ্যার্থীদের আসা-যাওয়ার জন্য বাইপাস সড়ক নির্মাণ করা হয়েছে। পুণ্যার্থীদের চলাচলের সুবিধার্থে সড়কের দুপাশে দোকানপাট ও ভিক্ষুক বসতে দেওয়া হবে না। স্নানের আগের দিন থেকে পরদিন পর্যন্ত তিন দিন পুলিশের এই বিশেষ ব্যবস্থা থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট নিরসনে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ছিনতাই, চুরি, ডাকাতি, অজ্ঞান ও মলমপার্টির অপতৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সার্বক্ষণিক নজরদারি থাকবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মহিবুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে জেলা পুলিশের বিভিন্ন বিভাগসহ র্যা ব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ফায়ার সার্ভিস, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।