পুলিশের বিশেষ শাখার কর্মকর্তাসহ চারজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ অস্ত্র কেনা-বেচার অভিযোগে রাজধানীর উত্তরায় গ্রেপ্তার পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদসহ চারজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

উত্তরা থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান হক আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আনোয়ার সাদাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসাদুজ্জামান আসাদ ছাড়া অন্য আসামিরা হলেন সাইফুল ইসলাম সাইফ, মশিউর রহমান ও মাহামুদুল হাসান।

গতকাল বুধবার সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১০ নম্বর বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিনটি গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে উত্তরা থানায় অস্ত্র আইনে এই মামলা করে র‌্যাব।
আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, আসামি আসাদের সঙ্গে অপরাধীদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আসামিরা অস্ত্র কেনা-বেচার সঙ্গে জড়িত। আসাদের সঙ্গে অস্ত্র বিক্রেতাদের কীভাবে পরিচয় হয়েছে, তা উদঘাটনসহ আর কারা কারা এ চক্রে আছে, তাদের গ্রেপ্তার করতে আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।