ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বাবুপুরা পুলিশ ফাঁড়ির গাছ কেটে বহুতল ভবন নির্মাণের বিষয় নিয়ে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে পুলিশ কমিশনারের বৈঠক হয়েছে। বৈঠকে দুই পক্ষের কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ভবন নির্মাণ করা হবে না বলে সিদ্ধান্ত হয়েছে।
গতকাল রোববার উপাচার্যের কার্যালয়ে এই বৈঠক হয়। এ সময় পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিঞার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা করেন।
আগের দিন গাছ কেটে পুলিশের ভবন নির্মাণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও উপাচার্যকে স্মারকলিপি দেন। ওই দিনই প্রথম আলোকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছ কেটে পুলিশের জন্য বহুতল ভবন!’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী ও ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার সুপ্রিয়া দাস উপস্থিত ছিলেন। বৈঠকে কী নিয়ে কথা হয়েছে, তা জানতে চাইলে এস্টেট ম্যানেজার বলেন, ‘উপাচার্যের সঙ্গে পুলিশের উচ্চপর্যায়ের আলোচনা চলছে। তাঁদের মধ্যে কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো ভবন নির্মাণের কাজ চলবে না বলে পুলিশ জানিয়েছে।’ এর বাইরে কিছু বলতে রাজি হননি তিনি।
প্রতিনিধিদলের সদস্য পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এস্টেট) শোয়েব রিয়াজ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা উপাচার্যকে বোঝানোর চেষ্টা করেছি, জমিটা মূলত আমাদের। তাঁদের এস্টেট কার্যালয় থেকে আজম খান কমিশনের কথা বলা হয়েছে। কমিশন বললেই তো হলো না, তারা তো কেবল লাইন টেনেছে। জমির মালিক হতে হলে হয় জমি কিনতে হয়, নয়তো অধিগ্রহণ করতে হয়, নতুবা সরকার কর্তৃক বরাদ্দ পেতে হয়। আমরা ১৯৩৪ সালে জমিটা গণপূর্ত অধিদপ্তর থেকে নিয়েছি। এটা পুলিশের জমি। উপাচার্য বিষয়টি বুঝেছেন।’ ভবন নির্মাণের কাজ চলবে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘এটা পরবর্তী সময়ে আলোচনা করে ঠিক করা হবে।’