পুলিশের ভবন নির্মাণে বিএসএফের আপত্তি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বাংলাদেশ পুলিশের নতুন ইমিগ্রেশন ভবন নির্মাণে আপত্তি জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত এলাকায় স্থাপনা নির্মাণ করা যাবে না উল্লেখ করে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) বিএসএফ চিঠি দেওয়ার পর ওই নির্মাণকাজ বন্ধ রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আল মামুন বলেন, সম্প্রতি প্রায় সোয়া ছয় কোটি টাকা ব্যয়ে দুইতলা ইমিগ্রেশন ভবন নির্মাণের দরপত্র দেওয়া হয়। ৪ মার্চ থেকে ভবনের নির্মাণসামগ্রী আনা শুরু হয়। গত শুক্রবার বিএসএফ আপত্তি তুললে কাজ বন্ধ রাখা হয়।
বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ আলী বলেন, বিএসএফ চিঠিতে বলেছে, তারা এ ভবন নির্মাণের ব্যাপারে কিছু জানে না। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, শূন্যরেখা থেকে বাংলাদেশের দেড় শ গজের মধ্যে রয়েছে ভবনটি। পুলিশ সদর দপ্তর থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েই কাজ শুরু হয়েছে। কিন্তু বিএসএফ এ বিষয়ে অবগত নয়। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে বিএসএফকে এ ব্যাপারে জানানো হবে।