
দল বেঁধে মাঠে তাদের উপস্থিতি রাত হলেই দেখা যায়। মাঠের এক পাশে রাখা তাঁবুর সরঞ্জামাদি। সেগুলো নিজ হাতেই স্থাপন করে ঘুমাতে যাওয়া। ভোরে মাঠের এক পাশে তাঁবু গুটিয়ে ফিরতে হয় ডিউটিতে। এ দৃশ্য নগরের কেন্দ্রস্থলের রিকাবিবাজারে সিলেট পুলিশ লাইনস মাঠের।
দেখলে পুলিশের কোনো বিশেষ প্রশিক্ষণ পর্ব চলছে বলে মনে হলেও বাস্তবে তা নয়। প্রশিক্ষণ শেষে চাকরিজীবনে প্রবেশ করে তাঁদের সেই প্রশিক্ষণার্থীদের মতোই বসবাস করতে হচ্ছে। সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে ২৫০ জনের পদায়ন সিলেট মহানগর পুলিশে (এসএমপি) হওয়ায় আবাসন সংকটে পড়ে মাঠে তাঁবু টানিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে এভাবেই রাত যাপন করতে হচ্ছে অধিকাংশ কনস্টেবলের। এভাবে তাঁদের তাঁবুবাস কত দিন চলবে—এ বিষয়ে নিশ্চিত করে তাঁদের কর্তৃপক্ষও বলতে পারছে না।
মহানগর পুলিশ জানায়, সিলেট কোতোয়ালিসহ ছয়টি নতুন থানা নিয়ে ২০০৬ সালর ২৬ অক্টোবর সিলেট মহানগর পুলিশ (এসএমপি) যাত্রা শুরু করে। শুরুতে দুই হাজার ৫০০ লোকবলের চাহিদার মধ্যে কর্মরত ছিল মাত্র এক হাজার ৪৮৮ জন। সম্প্রতি পুলিশ বিভাগে নতুন নিয়োগ দেওয়ায় কনস্টেবল পদে ২৫০ জনের পদায়ন করা হয়। পুলিশ সদস্যসহ মহানগর পুলিশে কর্মরতদের সংখ্যা এখন প্রায় এক হাজার ৭০০। চাহিদা অনুযায়ী আরও ৮০০ লোকবলের প্রয়োজন রয়েছে।
মহানগর পুলিশের ছয়টি থানা এলাকায় পদায়ন করা কনস্টেবলদের আবাসনের জন্য পুলিশ লাইনস নির্ধারিত থাকলেও সেখানে জেলা পুলিশ ও আর্মড পুলিশের লোকবলের আবাসন থাকায় নতুনদের জায়গা হচ্ছে না। বাধ্য হয়ে পুলিশ লাইনসের পাশে জেলা স্টেডিয়ামের একটি ভবনে একাংশ এবং বাকিরা পুলিশ লাইনস মাঠে তাঁবু টানিয়ে থাকছেন।
গত রোববার রাতে সরেজমিনে দেখা গেছে, স্টেডিয়াম ভবনের কয়েকটি খালি কক্ষে গাদাগাদি করে রাতযাপন করতে হচ্ছে। মাঠের তাঁবুতেও থাকতে হচ্ছে একইভাবে। প্রায় দুই সপ্তাহ তাঁরা এ অবস্থায় রাতযাপন করছেন। দিনে দায়িত্ব পালন আর রাতে থাকার কষ্ট নিয়ে চাপা ক্ষোভও প্রকাশ করেন তাঁরা।
তাঁবুর বাসিন্দা কয়েকজন প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানান, টানা তিন মাসের প্রশিক্ষণ পর্ব তাঁদের এভাবেই কাটাতে হয়েছে। চাকরিজীবনের প্রথম কর্মস্থলে এসে সেই প্রশিক্ষণ পর্বের মতো বসবাস তাঁদের জন্য বিড়ম্বনার হলেও নিচের পদের কারণে কেউ কিছু বলছে না।
আবাসন সংকটের কারণে এ অবস্থার সৃষ্টি বলে জানান, মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমতুল্লাহ। তিনি বলেন, ‘পুলিশ লাইনস তো জেলা ও আরআরএফের (আর্মড পুলিশ)। আমাদের এসএমপির জন্য সেখানে একটি মাত্র ভবন বরাদ্দ। সেখানেও গাদাগাদি করে থাকতে হয়। কর্মকর্তা ও থানা ভবনগুলোও চলছে ভাড়া করা ভবনে। আবাসন নিয়ে দুরবস্থার এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত তাঁদের এভাবে থাকা ছাড়া কোনো উপায়ও নেই।’