পুলিশের ভুলে কারাগারে
সহিংসতার একটি মামলার আসামি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা গ্রামের শিবিরের কর্মী মাহাবুবুর রহমান। অথচ পুলিশ ৫ ডিসেম্বর গ্রেপ্তার করেছে আশিকুর রহমান খান ওরফে মাহাবুব নামের এক কলেজছাত্রকে। ১০ দিন ধরে আশিকুর কারাগারে আছে।
কারাগারে থাকার কারণে এখন তার এইচএসসি পরীক্ষার ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে। আজ সোমবার থেকে কলেজে ফরম পূরণের কাজ শুরু হচ্ছে। গ্রেপ্তার হওয়া মাহাবুবের বাবার নাম আবদুল ওহাব খান। আর এজাহারে মামলার আসামি মাহাবুবুর রহমানের বাবার নাম লেখা রয়েছে হেলাল উদ্দিন।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বিষয়টি ভুল হয়ে গেছে। ডাক নাম মাহাবুব থাকায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এখন আর ভুল স্বীকার করার সুযোগ নেই। করলে তাঁরা বেকায়দায় পড়বেন।
থানা সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ আগস্ট হরতাল চলাকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বর্ডার বাজার এলাকায় লক্ষ্মীপুরের মুখ্য বিচারিক হাকিমের গাড়িতে হামলা চালান। ওই দিন তিন ঘণ্টা ধরে পুলিশ ও শিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ শতাধিক লোক আহত হন। ওই ঘটনায় রায়পুর থানার উপপরিদর্শক আবুল বাশার বাদী হয়ে থানায় একটি মামলা করেন। এতে শিবিরের কর্মী মাহাবুবুর রহমানকে আসামি করা হয়। পুলিশ গত জুনে মামলার অভিযোগপত্র দেয়। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এদিকে স্থানীয় লোকজন দাবি করেছেন, প্রকৃত আসামি মাহাবুবুর রহমানকে দিনের বেলা প্রকাশ্যে প্রায়ই দেখা যাচ্ছে।
কারাগারে থাকা মাহাবুবের বাবা আবদুল ওহাব খান বলেন, ‘ছেলের জন্মসনদ, কলেজের পরিচয়পত্র ও সার্টিফিকেটে আশিকুর রহমান খান লেখা। পুলিশ অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করে। আদালত শীতকালীন বন্ধ থাকায় জামিনের আবেদন করতে পারছি না।’ রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) সোলায়মান চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমি অবগত নই। এ রকম হওয়ার কথা না। হয়ে থাকলে তা দুঃখজনক।’