পুলিশের ভুলে কারাভোগকারী জসিমকে মুক্তির নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের ভুলে বিনা অপরাধে কারাভোগকারী সিএনজিচালিত অটোরিকশার চালক জসিম উদ্দিনকে মুক্তির আদেশ দিয়েছেন আদালত।


আজ সোমবার দুপুর ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন।


আজ প্রথম আলোতে এ ঘটনা নিয়ে ‘পুলিশের ভুলে কারাবাস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাছের প্রথম আলোকে বলেন, নামের মিল থাকার কারণে পুলিশ ভুলে এক জসিমের স্থলে আরেক জসিমকে গ্রেপ্তার করেছে। মামলার বাদীই শনাক্ত করেছেন গ্রেপ্তার জসিম এই মামলার আসামি নন। প্রকৃত আসামি বাইরে ঘোরাফেরা করছে। আজ বাদী ও বিনা দোষে কারাভোগকারী জসিমের উপস্থিতিতে আদালত শুনানি করে তাঁকে মুক্তির আদেশ দেন।


আদেশ শোনার পর আদালতে জসিম উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাঁর জীবন থেকে হারিয়ে যাওয়া আটটি দিন কে ফিরিয় দেবে?


কারাগার ও আদালত সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে লোহাগাড়া উপজেলার পারভীন আক্তার নামের এক নারী তাঁর স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে আদালতে একটি যৌতুকের মামলা করেন।

গত ২৪ এপ্রিল বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে বলা হয়, জসিম উদ্দিনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আসামি আবুল কাশেমের ছেলে জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শেহাব উদ্দিন সেলিম গত ৩১ আগস্ট লোহাগাড়ার আবুল হোসেনের ছেলে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


মামলার প্রকৃত আসামি আবুল কাশেমের ছেলে জসিম উদ্দিন এলাকায় ঘোরাফেরা করলে মামলার বাদী পারভীন আক্তার ২ সেপ্টেম্বর আদালতকে লিখিতভাবে জানান, গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিন তাঁর মামলার আসামি নন। তাঁকে এ মামলা থেকে মুক্তি দিয়ে প্রকৃত আসামিকে গ্রেপ্তার করা হোক।


লোহাগাড়া থানার পুলিশও আদালতে প্রতিবেদন দেয়, গ্রেপ্তার হওয়া জসিম মামলার প্রকৃত আসামি নন। নামের মিল থাকার কারণে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর জসিমও পুলিশকে বিষয়টি জানাননি।