পুলিশের ভুলে তাঁর ৩৪ দিন কারাভোগ
নিজের ও বাবার নামের মিল থাকায় বিনা বিচারে ৩৪ দিন কারাবাস করতে হলো রিকশাচালক রিপনকে। আদালতের নির্দেশে গতকাল বুধবার সন্ধ্যায় তিনি মুক্তি পান। একই সঙ্গে আদালত পুলিশের কাছে জানতে চেয়েছেন, কেন রিপনকে এত দিন কারাভোগ করতে হলো।
কেরানীগঞ্জ থানার পুলিশ গত ১৮ আগস্ট রিকশাচালক রিপনকে গ্রেপ্তার করে। ঢাকা ষষ্ঠ অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে বিচারাধীন একটি মাদক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। অন্যদিকে মামলার নথি বলছে, পুলিশ থানার ঘাটারচর প্রাইমারি স্কুলের সামনে থেকে বাবুল ও রিপন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় দুজনের কাছ থেকে চোলাই মদ উদ্ধার করা হয়।
মামলার নথিতে আরও লেখা আছে, অভিযুক্ত মূল আসামি রিপন ২০১২ সালের ৪ জুন জামিন নিয়ে পলাতক। রিপনের বাবার নাম ফালান। আর এত দিন বিনা বিচারে গ্রেপ্তার থাকা রিপনের বাবার নাম মৃত ফালান হাওলাদার। নিজের ও বাবার নামে মিল থাকায় রিকশাচালক রিপনকে কারাভোগ করতে হলো। গ্রেপ্তারের পর ১ সেপ্টেম্বর রিকশাচালক রিপনকে আদালতে হাজির করা হয়।
রিপনের আইনজীবী মোজাম্মেল হক আদালতকে বলেন, মামলার আসামি আর গ্রেপ্তার রিপন এক ব্যক্তি ছিলেন না। ওই দিনই আদালত থানা-পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
তদন্ত শেষে ১৯ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জ থানার এসআই শাহাদাত হোসেন আদালতে প্রতিবেদন দেন। তাতে বলা হয়, গ্রেপ্তার হওয়া আসামি আর মামলায় পলাতক আসামি এক ব্যক্তি নন।
পুলিশের তদন্তের পর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ ই এম ইসমাইল হোসেন গতকালই গ্রেপ্তার হওয়া রিপনকে কারামুক্তির আদেশ দিয়েছেন। পাশাপাশি আদালত পুলিশ সুপারকে এ বিষয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
বিষয়টি খুবই দুঃখজনক উল্লেখ করে মামলায় সরকারি কৌঁসুলি আনোয়ার সরদার প্রথম আলোকে বলেন, একই নামের দুই ব্যক্তি। পুলিশ ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। তাই আদালত নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছিলেন।
রিপনের মামা লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘রিপনকে যখন গ্রেপ্তার করা হয় তখনই থানার দারোগা হুমায়ূন বাসারকে বলা হয় রিপনের বিরুদ্ধে কোনো মামলা নেই। কোথাও ভুল হচ্ছে।’