পুলিশের ভুলে তিন দিন কারাবাসের পর মুক্তি পেলেন রফিকুল
আসামি না হয়েও টাঙ্গাইলের সখীপুরে পুলিশের ভুলে তিন দিন কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেলেন দিনমজুর রফিকুল মিয়া (৩৫)। রফিকুলের পরিবারের লোকজন আইনজীবীর মাধ্যমে গত বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল আদালতে পুলিশের ভুলের বিষয়টি জানালে আদালত রফিকুলকে মুক্তি দেন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে তিনি কারাগার থেকে ছাড়া পান।
কোনো যাচাই-বাছাই না করে শুধু গ্রাম ও নামের মিল দেখে গত সোমবার পুলিশ ওই দিনমজুরকে ধরে মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলহাজতে পাঠায়।
এ নিয়ে গতকাল শুক্রবার প্রথম আলোয় ‘পুলিশের ভুলে কারাগারে’ শিরোনামে সংবাদ ছাপা হয়।
টাঙ্গাইল আদালতের আইনজীবী সেলিম আল দ্বীন জানান, গত সোমবার পুলিশ যে রফিকুলকে গ্রেপ্তার করে, তাঁর বাবার নাম ঠান্ডু, বাড়ি চতলবাইদের ভূঁইয়া পাড়ায়, বয়স ৩৫। অন্যদিকে প্রকৃত আসামি যিনি, তাঁর নাম রফিকুল হলেও বাবার নাম আবদুর রশিদ, বাড়ি চতলবাইদের ভাতকুড়া চালায়, বয়স ২২ বছর। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় মুঠোফোনে বলেন, এ ভুলের জন্য কে জন্য দায়ী, তা তদন্ত করে বের করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।