পুলিশের ভুলে শিশুটির ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত পুলিশের কার্যালয়ের (ননজিআরও) সামনে সেই শিশুটি। ছবি: আসাদুজ্জামান
আদালত পুলিশের কার্যালয়ের (ননজিআরও) সামনে সেই শিশুটি। ছবি: আসাদুজ্জামান

মায়ের কোল থেকে ছিটকে পড়েও বেঁচে যায় শিশুটি। পুলিশের ভুলে সেই শিশুটি এখন ভোগান্তিতে। ভ্যাপসা গরমের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয় আদালতে। কিন্তু যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় শিশুটিকে নিরাপদ হেফাজতে পাঠানোর আদেশ হয়নি। পাঁচ দিন ধরে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

পুলিশের নথিতে শিশুটির বয়স আনুমানিক এক বছর। তার নামও জানতে পারেনি পুলিশ। আজ আদালত পুলিশের কার্যালয়ে শিশুটি বিড়বিড় করে ডাকছিল মা, মা। এরপর ডুকরে কাঁদতে থাকে। কিন্তু সে জানে না, তার মা আর কখনো ডাক শুনবে না। নেবে না কখনো কোলে। খাওয়াবে না বুকের দুধ।

দুপুরের দিকে নিরাপদ হেফাজতে রাখার আদেশ চেয়ে শিশুটিকে আদালতে পাঠায় তেজগাঁও থানা-পুলিশ। কিন্তু আবেদন যথাযথ না হওয়ায় শিশুটিকে আদালতে তোলেনি পুলিশ। আবার তাকে তেজগাঁও ভিকটিম সেন্টারে ফিরিয়ে আনা হয়।

গত শুক্রবার রাত আটটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে বাচ্চাটির মাকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। পরে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মামলা হয়। পুলিশ মাইক্রোবাস জব্দ করলেও চালককে গ্রেপ্তার করতে পারেননি।

শিশুটিকে বেলা দুইটার দিকে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কার্যালয়ে (ননজিআরও) নিয়ে আসেন তেজগাঁও থানার একজন নারী কনস্টেবল। পরে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রনপ কুমার ভক্ত বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুদের নিরাপদ হেফাজতে রাখার জন্য আদালতের কাছে আবেদন করতে হয়। কিন্তু শিশুটিকে হেফাজতে রাখার জন্য এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। পরে শিশুটিকে নেওয়া হয় তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ে (জিআরও)। এই নিবন্ধন কার্যালয়ের কর্মকর্তা এসআই মহিতুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিশুটিকে আমাদের কাছে আনা হয়। যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় তাকে ফেরত পাঠানো হয়েছে।’
আদালত চত্বরে একজন আইনজীবী বলেন, এই গরমের মধ্যে শিশুটিকে আদালতে আনা হলো কিন্তু পুলিশের ভুলের কারণে আসল কাজ হলো না। তার ভোগান্তি বাড়ল। আজই নিরাপদ হেফাজতে পাঠানো গেলে শিশুটির জন্য ভালো হতো।

মানবাধিকার ও আইনগত সহায়তাকারী সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) প্যানেল আইনজীবী জামিউল হক প্রথম আলোকে বলেন, এত ছোট শিশুটি পাঁচ দিন ধরে কেন ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকবে? এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। শিশুটিকে শিশুনিবাসে রাখা হলে ভালো সেবা পেত। এখন এটাই তার সবচেয়ে বেশি দরকার।

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল বাসার প্রথম আলোকে বলেন, ‘শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছিল। আজ তাকে আদালতে পাঠিয়েছিলাম সরকারি হেফাজতে রাখার জন্য। আদালত থেকে শিশুটিকে ফেরত পাঠিয়েছে। বাচ্চাটাকে আবার আমরা আগামীকাল (বুধবার) আদালতে পাঠাব। জিডি করেছি।’