পুলিশের ভুলে শিশুর ভোগান্তি

বাসের ধাক্কায় মায়ের মৃত্যু হয়। কোল থেকে ছিটকে পড়ে ভাগ্যচক্রে বেঁচে যায় শিশুটি। কিন্তু পুলিশের ভুলে তার ভোগান্তি দীর্ঘায়িত হলো। যথাযথ প্রক্রিয়ায় আবেদন না করায় শিশুটিকে নিরাপদ হেফাজতে পাঠানোর আদেশ হয়নি।
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল বাশার প্রথম আলোকে বলেন, ‘শিশুটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছিল। আজ (গতকাল মঙ্গলবার) তাঁকে আদালতে পাঠিয়েছিলাম সরকারি হেফাজতে রাখার জন্য। কিন্তু আদালত থেকে শিশুটিকে ফেরত পাঠানো হয়েছে। শিশুটিকে আবার আমরা বুধবার (আজ) আদালতে পাঠাব। জিডি করেছি।’
পুলিশের নথিতে শিশুটির বয়স আনুমানিক এক বছর। গতকাল আদালত পুলিশের কার্যালয়ে শিশুটি বিড়বিড় করে ডাকছিল মা, মা। এরপর ডুকরে কাঁদতে থাকে।
দুপুরের দিকে নিরাপদ হেফাজতে রাখার আদেশ চেয়ে শিশুটিকে আদালতে পাঠায় তেজগাঁও থানার পুলিশ। কিন্তু আবেদন যথাযথ না হওয়ায় শিশুটিকে আদালতে তোলেনি পুলিশ। আবার তাকে তেজগাঁও ভিকটিম সেন্টারে ফিরিয়ে আনা হয়।
গত শুক্রবার রাত আটটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে শিশুটির মাকে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। পরে ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মামলা হয়। পুলিশ মাইক্রোবাস জব্দ করলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি।
শিশুটিকে বেলা দুইটার দিকে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কার্যালয়ে নিয়ে আসেন তেজগাঁও থানার একজন নারী কনস্টেবল। পরে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রনপ কুমার ভক্ত বলেন, সাধারণ ডায়েরি (জিডি) করে শিশুদের নিরাপদ হেফাজতে রাখার জন্য আদালতের কাছে আবেদন করতে হয়। কিন্তু শিশুটিকে হেফাজতে রাখার জন্য এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। পরে শিশুটিকে নেওয়া হয় তেজগাঁও থানার সাধারণ নিবন্ধন কার্যালয়ে। এই নিবন্ধন কার্যালয়ের কর্মকর্তা এসআই মহিতুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিশুটিকে আমাদের কাছে আনা হয়।
একজন আইনজীবী বলেন, এই গরমের মধ্যে শিশুটিকে আদালতে আনা হলো, কিন্তু পুলিশের ভুলের কারণে আসল কাজ হলো না। তার ভোগান্তি বাড়ল। আজই (মঙ্গলবার) নিরাপদ হেফাজতে পাঠানো গেলে শিশুটির জন্য ভালো হতো।
তেজগাঁও থানার পুলিশ সূত্র বলছে, সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত ওই নারীর পরিচয় বের করার চেষ্টা চলছে।