পুলিশের ভুলে ১১ দিন জেল খাটল নিরপরাধ কিশোর
রংপুরের তারাগঞ্জে পুলিশের ভুলে ১১ দিন জেল খেটেছে নিরপরাধ কিশোর কেরামত আলী (১৪)। গতকাল শুক্রবার দুপুরে সে রংপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছে। এ ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাদের বিচার চেয়ে স্থানীয় সাংসদ ও রংপুর পুলিশ সুপার বরাবর ২৩ নভেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন ওই কিশোরের চাচা ময়নুদ্দিন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলার দামোদরপুরের পূর্বঝাড়পাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে আদুরী বেগমের (১৪) সঙ্গে দেড় বছর আগে বিয়ে হয় তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে কেরামত আলীর (২৬)।আদুরীর অভিযোগ, বিয়ের মাস খানেক পরে কারণে-অকারণে স্বামী, শাশুড়ি ও ভাশুর তাকে শারীরিক ও মানুষিক নির্যাতন শুরু করেন। মাস ছয়েক আগে তার স্বামী নিরুদ্দেশ হন। এতে শাশুড়ি ও ভাশুরের নির্যাতন বেড়ে যায়। বাধ্য হয়ে সে গত ১২ জুলাই স্বামী কেরামত আলী, শাশুড়ি হাছেনা বেগম ও ভাশুর দেলদার হোসেনের বিরুদ্ধে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করে।সূত্র জানায়, ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানামূলে তারাগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মনোরঞ্জন রায় প্রকৃত আসামিকে না ধরে তারাগঞ্জের চিলাপাক বালাপাড়া গ্রামের আরেক মৃত মকবুল হোসেনের ছেলে কেরামত আলীকে (১৪) ১৫ নভেম্বর গ্রেপ্তার করে পরদিন রংপুর জেলহাজতে পাঠান।কিশোরের মা মালেকা বেগম বলেন, ‘পুলিশোক এত কছনু, মোর ছইল ছোট, বিয়াও করে নাই। তার পরেও বিনা দোষে তাক ধরি নিয়া যায়া জেলোত দেছে।’ কেরামত আলী বলে, ‘জেলে খুব কষ্ট। আমার কী অপরাধ ছিল? দুনিয়াত এই কি বিচার?’মামলার বাদী আদুরী বেগম ও তার বাবা জয়নাল আবেদীন জানান, যে কেরামত আলীকে পুলিশ এই মামলায় গ্রেপ্তার করেছে, সে প্রকৃত আসামি নয়, তার ঠিকানা আলাদা। এএসআই মনোরঞ্জন রায় মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এটা আমার ভুল নয়। তথ্যগত ভুল। দণ্ডবিধির ৭৬ ধারায় তথ্যগত ভুলের ব্যাখ্যা রয়েছে। এই ধারায় আমি আইনগত সাপোর্ট পাব।’