পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার গৌতম হত্যা মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর বাবা ইউপি সদস্য গণেশ চন্দ্র সরকার। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি ছেলে হত্যার বিচার দাবি করে বলেন, হত্যার পর থেকে তিনি আতঙ্কিত জীবনযাপন করছেন।

গণেশ সরকার বলেন, সদর উপজেলার ঘোনা ইউনিয়নের মহাদেবনগর গ্রামে কয়েকজন যুবক চাঁদাবাজি করতেন। তিনি প্রতিবাদ করায় গৌতমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই চাঁদাবাজদের মধ্যে জামশেদকে পুলিশ কিছুদিন আগে ধরে নিয়ে যায়। থানায় দুই দিন আটক রাখার পর ছেড়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, ৩৫ হাজার টাকার বিনিময়ে এলাকার দুজন তাঁকে ছাড়িয়ে নিয়ে আসেন। এরপর জামশেদ মুঠোফোনে তাঁকে হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। ওই রাতেই গৌতম অপহৃত হন। পরে তাঁকে বাড়ির কাছে শ্বাসরোধ করে নৃশংসভাবে হত্যা করে পুকুরে লাশ ডুবিয়ে রাখা হয়। অথচ সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জামশেদকে নির্দোষ প্রমাণ করতে উঠেপড়ে লেগেছেন।

এ বিষয়ে ফিরোজ হোসেন মোল্লা বলেন, গৌতম হত্যাকাণ্ড ও পরবর্তী সময়ে পুলিশের কোনো ধরনের গাফিলতি কিংবা ব্যর্থতা নেই। জামশেদের নাম বাদী প্রথমে এজাহারে দেননি। যাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, সেখানেও জামশেদের নাম আসেনি। তারপর বাদী সম্পূরক এজাহারে জামশেদের নাম উল্লেখ করায় তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে বাঁচানো কিংবা নির্দোষ প্রমাণের চেষ্টা করার অভিযোগ সঠিক নয়।

১৩ ডিসেম্বর মাহমুদপুর সীমান্ত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষে ছাত্র গৌতম সরকার অপহৃত হন। চার দিন পর বাড়ির পেছনের একটি পুকুরে হাত-পা বাঁধা বস্তাবন্দী ডুবন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে ১৬ ডিসেম্বর গৌতমের বাবা গণেশ সরকার সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। ১৭ ডিসেম্বর আরও তিনজনের নাম উল্লেখ করে সম্পূরক এজাহার জমা দেন। এ পর্যন্ত ছয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে দুজন আদালতে নিজেদের জড়িত থাকার কথা উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।