পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় জামায়াত-শিবিরের নেতৃত্বে চালানো সশস্ত্র হামলার ঘটনায় জেলা পুলিশের কর্মকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশের পক্ষপাতিত্বের কারণেই জেলায় জামায়াত-শিবির চক্র নৈরাজ্য সৃষ্টি করতে সক্ষম হচ্ছে বলে বিভিন্ন সংগঠনের নেতারা অভিযোগ করেছেন।সর্বশেষ গত শুক্রবার ১২টি ইসলামি সমমনা দলের আহ্বানে জামায়াত-শিবির চক্র বগুড়ার সাতমাথায় গণজাগরণ মঞ্চে হামলা চালায়। সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হলেও হামলার সময় তারা কোনো ভূমিকা পালন করেনি বলে অভিযোগ ওঠে। ওই দিন পুলিশের উপস্থিতিতে জামায়াত-শিবিরের লোকজন গণজাগরণ মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে।এ ঘটনার পর গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীরা সাতমাথায় এসে সমাবেশ করেন। সমাবেশে তাঁরা হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক ও অতিরিক্ত পুলিশ সুপার কাউছার সিকদারকে দায়ী করে তাঁদের অপসারণের দাবি করেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বগুড়ার সভাপতি জিন্নাতুল ইসলাম অভিযোগ করেন, পুলিশের সাধারণ সদস্যরা আন্তরিক থাকলেও কয়েকজন কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁদের কারণেই জামায়াত-শিবির হামলা চালাতে পারছে।মুক্তিযোদ্ধা সংসদের বগুড়ার কমান্ডার ও গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আমিনুল ইসলাম সরকার অভিযোগ করেন, আগে থেকে বগুড়ার এসপি ও জেলা প্রশাসককে জানানোর পরও পুলিশ তাঁদের গণজাগরণ মঞ্চ রক্ষা করতে পারেনি। সাম্প্রতিক সময়ে, বিশেষ করে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনের সময় পুলিশের ভূমিকা সন্দেহজনক মনে হচ্ছে।বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান বলেন, ‘পুলিশের উপস্থিতিতে কীভাবে গণজাগরণ মঞ্চে হামলা চালানোর ঘটনা ঘটে, তা আমাদের বোধগম্য নয়।’ উদীচীর বগুড়ার সভাপতি মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, বগুড়ায় কয়েকজন পুলিশ কর্মকর্তার কারণে জামায়াত-শিবির সাম্প্রতিক সময়ে তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে। অভিযোগ অস্বীকার করে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজম্মেল হক বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না, এমন অভিযোগ ঠিক নয়। গত এক বছরে জামায়াত-শিবিরের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৬৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবারের ঘটনায় এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।