পুলিশের ভূমিকায় কর্মকর্তারা ক্ষুব্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন ভবনে তালা লাগানোর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তারা।

উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে বলেন, আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তালা লাগানো দেখেও যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে আলাপচারিতা ও খোশগল্পে মেতেছিলেন। তালা খোলার ব্যাপারে তাঁদের কোনো ভূমিকা লক্ষ করা যায়নি। এমনকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামও ঘটনাস্থলে যাননি। এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন কর্মকর্তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ হরহামেশাই মামলা করে। কিন্তু গতকাল সোমবার সরকারি কর্মকর্তাদের বের করে সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় পুলিশের কোনো মামলা হতে দেখলাম না।’ ওই কর্মকর্তা প্রশ্ন তুলে বলেন, ‘এটা (তালা লাগানো) কি সরকারি কাজে বাধা দেওয়া নয়?’

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বলেন, ‘এটা সত্য, ওসি সাহেব ঘটনাস্থলে আসেননি। গতকাল রাত সোয়া নয়টার দিকে তিনি (ওসি) ফোন করে খোঁজখবর নেন।’

 ইউএনও আরও বলেন, আজ সকালে প্রশাসনের সব কর্মকর্তার সঙ্গে বৈঠক হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

গতকাল সোমবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা দৌলতপুর উপজেলা পরিষদের প্রশাসন ভবনের কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে ভবনের ফটকসহ সব দপ্তরে তালা লাগিয়ে দেন। উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় সমাবেশ করতে না পেরে তাঁরা এ কাজ করেন। ঘটনার পর দৌলতপুর থানার উপপরিদর্শক চার-পাঁচজন পুলিশ নিয়ে সেখানে যান।